ভোট হারানোর ভয়ে নারী প্রার্থীদের পোস্টার ছবিহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনী পোস্টার। তাতে নাম ও মার্কা আছে। কিন্তু প্রার্থীর ছবি নেই। গত সোমবার সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে নারী প্রার্থীদের এমন ছবিহীন অসংখ্য পোস্টার দেখা গেছে। নারী প্রার্থীদের ভয়, পোস্টারে ছবি থাকলে রক্ষণশীল ভোটারদের ভোট হাতছাড়া হয়ে যেতে পারে।
পৌরসভা প্রতিষ্ঠার পর দুটি নির্বাচন হয়েছে। দুটিতেই নারী প্রার্থীদের ছবিবিহীন পোস্টারে প্রচারণা ছিল। এবারও সেই পথ অনুসরণ করা হচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ের দেওয়া তথ্যমতে, পৌরসভায় পুরুষের চেয়ে নারী ভোটার বেশি হলেও নারীরা প্রার্থিতার দিক দিয়ে পিছিয়ে আছেন। প্রথম নির্বাচনে নারীদের জন্য সংরক্ষিত তিনটি ওয়ার্ড কাউন্সিলর পদে দুজন করে মোট ছয়জন, দ্বিতীয় নির্বাচনে সাতজন, এবার আটজন প্রার্থী হয়েছেন। তাঁরা হলেন সংরক্ষিত ১ নম্বর ওয়ার্ডে জোসনা বেগম, রোজী বেগম, সুনন্দ শুক্ল; ২ নম্বর ওয়ার্ডে জাহানারা বেগম, মোছা. হোসনে জাহান; ৩ নম্বর ওয়ার্ডে ছালেহা বেগম, রাহেলা বেগম ও রীনা আক্তার।
এই আট প্রার্থীর মধ্যে সাতজন ছবিবিহীন পোস্টারে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। গত সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত পৌর এলাকার সংরক্ষিত তিন ওয়ার্ডের কয়েকটি মহল্লায় অবস্থান করে আট প্রার্থীর সঙ্গে কথা হয়। তাঁদের মধ্যে ছয়জন প্রথম আলোকে বলেন, ভোটারদের কথা ভেবেই তাঁরা ছবিবিহীন পোস্টার করেছেন। পোস্টারে তাঁদের ছবি থাকলে অনেকের ভোট হারাতে পারেন, এমন আশঙ্কার কথাও বলেন তাঁরা।
ছবিযুক্ত পোস্টার নিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে শুধু রোজী বেগমকে। তিনি পেশায় দরজি। সোমবার সকাল সাড়ে ১০টায় তাঁর ওয়ার্ডের পীরেরচক এলাকায় ছবিযুক্ত পোস্টার ও প্রচারপত্র হাতে গণসংযোগ করছিলেন। তিনি বলেন, ‘আমি নতুন প্রার্থী অইছি ইবার। মাঠে নামি দেখলাম ভোটের দিন পর্যন্ত হখলতের (সবার) সামনে যাইতাম পারতাম না। তাই ছবি দি পোস্টার করছি। মানুষ আমারে ভোট দিব, পোস্টারে মার্কার লগে আমার ছবিটা যদি না দেখে, ভোট পাওয়ার আশা করি কেমনে?’
বেলা আড়াইটার দিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স চত্বরে গিয়ে দেখা যায়, একজন নারী প্রার্থীকে ঘিরে একদল পুরুষ ভোটারের জটলা। কাছে যেতেই নারী প্রার্থী তাঁর পরিচয় দিলেন, তিনি পৌরসভার সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর মোছা. হোসনে জাহান। এবারও প্রার্থী হয়েছেন। তাঁর পোস্টারেও ছবি নেই। তবে ভিজিটিং কার্ডের মতো করা প্রচারপত্রে তাঁর ছবি ও প্রতীক আছে। বড় পোস্টারে ছবি না থাকা প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
পৌর এলাকার কেন্দ্রস্থল ‘মুক্তাঞ্চল স্মৃতিসৌধ’ মোড়ে অবস্থানকালে দেখা যায়, পুরুষ প্রার্থীদের সঙ্গে পাল্লা দিয়ে মাইকে নারী প্রার্থীদের প্রচারণাও চলছে সমানতালে। মুক্তাঞ্চল মোড়ের যে দিকে চোখ যায়, শুধু নির্বাচনী পোস্টার আর পোস্টার। মেয়র পদে ছয়জন আর নয়টি ওয়ার্ডে পুরুষ কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ৩১ জনের ছবিযুক্ত পোস্টারে সয়লাব ওই মোড়। সারির পর সারি, রশির ওপর রশিতে ঝুলছে পোস্টার, তাতে ভোটযুদ্ধে অবতীর্ণ হওয়া মুখগুলো।
এ নিয়ে দুবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী একজন পুরুষ কাউন্সিলর প্রার্থীর সঙ্গে কথা হয়। ৩ নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতাকারী মাহতাব আহমদ নামের ওই প্রার্থী বলেন, ‘আমরার মা-বোনরা পর্দানশীল বেশি। এই ব্যাপারটা প্রচার করে ভোট পাওয়ার লাগি তাঁরা (নারী প্রার্থীরা) পোস্টারও ছবি দেইন না। আমরাও তাঁরার ওই ব্যাপারটারে সাপোর্ট করি।’
তবে ওই ওয়ার্ডের রাসেল আহমদ নামের তরুণ ভোটার নারী প্রার্থীদের ছবিবিহীন পোস্টার প্রচারণার কারণকে ‘জুজুর ভয়’ বলে মন্তব্য করেন। রাসেলের ভাষ্য, প্রার্থীদের প্রচারণার সবকিছুই তো এখন নির্বাচন কমিশন থেকে নির্দেশিত।
জানতে চাইলে জকিগঞ্জ পৌর মেয়র মো. আবদুল মালেক ফারুক বলেন, কোনো সামাজিক বা ধর্মীয় বিধিনিষেধ নয়, এটা বলতে গেলে নারী প্রার্থীরা ভোট টানার কৌশল হিসেবে স্বতঃপ্রণোদিত হয়ে করছেন। এর নেপথ্যের কারণ ধর্মীয়। পৌর এলাকার অধিকাংশ ভোটার রক্ষণশীল পরিবারের। তাঁদের মন জয় করতেই নারীদের এই কৌশল অবলম্বন করা। এই পৌরসভায় এটা অনেকটা রেওয়াজে পরিণত হয়ে গেছে।
পৌর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মোবাশশেরুল ইসলাম বিষয়টি শুনে বিস্ময় প্রকাশ করেন। তিনি বলেন, ‘বিষয়টি আমি আপনার কাছ থেকেই প্রথম শুনলাম। কেউ আমাকে জানাননি, আমারও নজরে পড়েনি।’
জকিগঞ্জ পৌরসভা প্রতিষ্ঠিত হয় ১৯৯৯ সালে। জনসংখ্যা প্রায় ৩৫ হাজার। ২০০৬ সালে প্রথম পৌরসভা নির্বাচন হয়। ভোটারসংখ্যা ১০ হাজার ৪০৭। এর মধ্যে নারী ভোটার ৫ হাজার ২৭১ ও পুরুষ ৫ হাজার ১৩৬ জন।