ভোটকেন্দ্র দখল ও প্রার্থীদের মারধরের অভিযোগ জাপার
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে কেন্দ্র দখল, দলীয় প্রার্থীর এজেন্টদের বের করে দিয়ে জাল ভোট দেওয়া এবং প্রার্থীদের ওপর হামলা ও ভয়ভীতি দেখানোর অভিযোগ করেছে ক্ষমতাসীন মহাজোটের শরিক জাতীয় পার্টি (জাপা)।
গতকাল মঙ্গলবার দুপুরে জাপার যুগ্ম মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদল নির্বাচন কমিশনে গিয়ে এ অভিযোগ করে।
নির্বাচন কমিশন থেকে বের হয়ে রেজাউল ইসলাম ভূঁইয়া সাংবাদিকদের বলেন, ‘ইসির ওপর মানুষের আস্থা নেই। আমরা লিখিতভাবে অভিযোগ করেছি, কাজ কতটুকু হবে জানি না। এ রকম অনিয়ম চলতে থাকলে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না।’
পরে বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতেও এসব অভিযোগ তুলে ধরা হয়। তাতে বলা হয়, কুমিল্লার দেবীদ্বার উপজেলায় জাপার মনোনীত চেয়ারম্যান প্রার্থীর এজেন্ট ও কর্মীদের মারধর করে অস্ত্রের মুখে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। সেখানে প্রতিপক্ষ প্রার্থীরা কেন্দ্র দখল করে নিয়েছে। কুমিল্লার দেবীদ্বার উপজেলার সব ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা ক্ষমতাসীন দলের প্রার্থীদের কেন্দ্র দখল, হামলা, মারধর ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে নিজেদের প্রার্থিতা প্রত্যাহার করে নিয়েছেন।