ভোটকেন্দ্র দখল নিয়ে সংঘর্ষে ২০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে গতকাল রোববার সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুটি ইউনিয়ন পরিষদের (ইউপি) দুটি কেন্দ্রে সংঘর্ষ হয়েছে৷ এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন৷
সকাল সাড়ে ১০টার দিকে হাবিবুল্লাহ ইউনিয়নের জিগারবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র এবং বেলা সাড়ে ১১টায় পোরজনা ইউনিয়নের জোতপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সংঘর্ষ হয়৷
থানা-পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, ইউপি সদস্য পদের দুজন প্রার্থী লোকজন নিয়ে দুই কেন্দ্রে ঢোকেন এবং জাল ভোট দেওয়ার চেষ্টা করেন৷ এ নিয়ে অপর সদস্য প্রার্থীদের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে তাঁদের মধ্যে সংঘর্ষ বাধে৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১৪টি গুলিবর্ষণ ও ব্যাপক লািঠপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ এ ঘটনায় অন্তত ২০ জন আহত হন৷ তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে৷
জানতে চাইলে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান শামীম ইকবাল জানান, ইউপি সদস্য পদপ্রার্থী দুজন ভোটকেন্দ্রে ঢুকে প্রভাব বিস্তার এবং জালভোট দেওয়ার চেষ্টা করেন৷ এ সময় অন্য প্রার্থীদের সঙ্গে তাঁদের সংঘর্ষ বাধে৷ এ সময় রাবার বুলেট ও শটগানের গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।
এ ব্যাপারে শাহজাদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আলী হোসেন বলেন, ওই দুটি কেন্দ্রে ভোট গ্রহণ সাময়িক বন্ধ ছিল৷ পরে পরিস্থিতি শান্ত হলে আবার ভোট গ্রহণ করা হয়।
সীমানা নির্ধারণের জটিলতায় পোরজনা ও হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচন নিয়ে উচ্চ আদালতে মামলা চলছিল। এ কারণে দীর্ঘ দিন ধরে সেখানে নির্বাচন বন্ধ ছিল৷ সম্প্রতি বিষয়টি নিষ্পত্তি হলে ১১ বছর পর গতকাল ওই ইউনিয়ন দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।