ভোটকেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন ওসমানের কর্মীরা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল বৃহস্পতিবার নারায়ণগঞ্জ-৫ (শহর-বন্দর) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ করা হবে৷ স্বতন্ত্র প্রার্থী এস এম আকরামের অভিযোগ, জাতীয় পার্টির প্রার্থী সেলিম ওসমানের কর্মী-সমর্থকেরা কেন্দ্র দখলের হুমকি দিচ্ছেন৷ তবে এ অভিযোগ উড়িয়ে দিয়ে সেলিম ওসমান বলেছেন, ভরাডুবির আশঙ্কায় এসব অভিযোগ করছেন আকরাম৷
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গতকাল মঙ্গলবার সকাল আটটা থেকে প্রার্থীদের প্রচার-প্রচারণা শেষ হয়েছে৷ নির্বাচনে মোট ১৪১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৮টি ঝুঁকিপূর্ণ৷ তবে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, অবাধ ও সুষ্ঠু ভোটের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে৷ ভোটকেন্দ্রের নিরাপত্তায় বিপুলসংখ্যক পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র৵াপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র৵াব)৷
এ নির্বাচনে সেলিম ওসমান ও সাবেক সাংসদ এস এম আকরাম ছাড়াও স্বতন্ত্র প্রার্থী মামুন সিরাজুল মজিদ, কৃষক শ্রমিক জনতা লীগের শফিকুল ইসলাম প্রতিদ্বন্দ্বিতা করছেন৷
স্বতন্ত্র প্রার্থী আকরাম গতকাল দুপুরে নগরের লয়াল ট্যাংক রোডে তাঁর পৈতৃক বাড়িতে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘নির্বাচন সুষ্ঠু হলে আমি জয়ের ব্যাপারে আশাবাদী৷ কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিম ওসমানের কর্মী-সমর্থকেরা হুমকি দিচ্ছেন, তাঁরা সিদ্ধিরগঞ্জ থেকে লোক এনে বন্দরের কেন্দ্র দখল করবেন। এ ছাড়া, ছড়ানো হচ্ছে কালোটাকাও৷’
এ অভিযোগ অস্বীকার করে সেলিম ওসমান নগরের উত্তর চাষাঢ়ায় তাঁর নিজ বাসায় বলেন, ‘সর্বস্তরের লোকজন যুক্ত হয়েছে আমাদের সঙ্গে। তাই জয়ের ব্যাপারে আমি খুবই আশাবাদী। সেনাবাহিনী মোতায়েন হলেও আমার কোনো আপত্তি নেই৷ ’
এই আসনের মোট ভোটার তিন লাখ ৪২ হাজার ৪০৫ জন৷ এর মধ্যে পুরুষ এক লাখ ৭৪ হাজার ৩১১ জন এবং নারী এক লাখ ৬৮ হাজার ৯৪ জন। ভোটকেন্দ্রের সংখ্যা ১৪১টি৷ এর মধ্যে বন্দর উপজেলায় ৮৯টি এবং নারায়ণগঞ্জ সদরে ৫২টি৷
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র প্রথম আলোকে জানিয়েছে, নির্বাচনে দুজন অতিরিক্ত পুলিশ সুপার, ছয়জন সহকারী পুলিশ সুপার, ১৫ জন পরিদর্শক, ৯৯ জন উপপরিদর্শক, ২১৭ জন সহকারী উপপরিদর্শকসহ (এএসআই) এক হাজার ৫৫০ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি সাধারণ কেন্দ্রে সাতজন পুলিশ ও ১৪ জন আনসার সদস্য দায়িত্বে থাকবেন৷ গুরুত্বপূর্ণ কেন্দ্রে পুলিশ সদস্য একজন বেশি থাকবেন৷ এ ছাড়া, আইনশৃঙ্খলা রক্ষায় চার প্লাটুন বিজিবি, এক হাজার র৵াব ও দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে৷ নির্বাচনের দিন ১০টি ভ্রাম্যমাণ আদালত থাকবেন। নির্বাচনসংক্রান্ত অপরাধের তাৎক্ষণিক বিচার করবেন আদালত।
র৵াব-১১-এর অধিনায়ক (সিও) আনোয়ার লতিফ খান বলেন, নির্বাচনের নিরাপত্তায় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে র৵াব-১১-এর নেতৃত্বে সহস্রাধিক র৵াব সদস্য মোতায়েন থাকবেন৷ নির্বাচনে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রতিটি ইউনিয়ন ও দুটি করে ওয়ার্ড করে টিম ভাগ করে র৵াবের টহল থাকবে৷
রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক কর্মকর্তা মিহির সারওয়ার মোর্শেদ জানান, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারেন, সে জন্য সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে। রাত ১২টার পর থেকে অন্য এলাকার লোকজন নারায়ণগঞ্জ-৫ আসনের এলাকায় আসতে পারবেন না। অনুমতি ছাড়া এ সময়ে মাইক্রোবাস, প্রাইভেট কারসহ সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।