চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) চট্টগ্রাম শাখার নির্বাচনে ভোটকেন্দ্র স্থানান্তরের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছে নাসির উদ্দিন মাহমুদ-মিনহাজুর রহমান পরিষদ। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ এবং ভোটকেন্দ্রে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনেরও দাবি জানিয়েছেন পরিষদের নেতারা।
গতকাল শনিবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবে প্যানেল পরিচিতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। নাসির উদ্দিন মাহমুদ-মিনহাজুর রহমান পরিষদ স্বাচিপ (আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন) মনোনীত প্যানেল বলেও সংবাদ সম্মেলনে দাবি করা হয়। সংবাদ সম্মেলনে ১১টি নির্বাচনী অঙ্গীকার তুলে ধরা হয়।
বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ)কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আ ম ম মিনহাজুর রহমান বলেন, এর আগে বিএমএ চট্টগ্রাম কার্যালয়কে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার করা হতো। কিন্তু এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ ক্যাম্পাসে ভোটকেন্দ্র নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। তিনি বলেন, ‘বিএমএ কার্যালয়ে ভোটগ্রহণ করা হোক। পাশাপাশি আমরা সিসি ক্যামেরা ও ম্যাজিস্ট্রেট নিয়োগের প্রস্তাব দিয়েছি নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কাছে।’
পরিষদের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন স্বাচিপ চট্টগ্রাম জেলা কমিটির আহ্বায়ক ও বিএমএ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে সহসভাপতি পদপ্রার্থী শেখ মো. শফিউল আজম। তিনি বলেন, এ পরিষদ কেন্দ্রীয় স্বাচিপের মনোনীত। নাসির-মিনহাজ পরিষদের প্রতি বিএমএ কেন্দ্রীয় কমিটির নির্বাচনে অংশ নেওয়া মোস্তফা জালাল মহিউদ্দীন-শেখ মো. শফিউল আজম-ইহতেশামুল হক চৌধুরীর সমর্থন রয়েছে।
স্বাচিপের চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার সদস্যসচিব ও সভাপতি পদপ্রার্থী নাসির উদ্দিন মাহমুদ বলেন, ‘পেশাজীবী চেতনাসমৃদ্ধ, আত্মমর্যাদাশীল ও বিজ্ঞানমনষ্ক বিএমএ গড়ার লক্ষ্যে আমাদের পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে। অনেক হুমকি দেওয়া হচ্ছে। কিন্তু আমরা পিছপা হব না।’
এ পরিষদ গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন, বৈদেশিক কর্মসংস্থান ও প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম, চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
নির্বাচনী অঙ্গীকারের মধ্যে রয়েছে, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও চিকিৎসক নিয়োগে স্থানীয় ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাম্পাসে আরেকটি ৫০০ শয্যার হাসপাতাল নির্মাণের কাজ দ্রুততম সময়ে সম্পন্ন করা। পাশাপাশি একটি লিগ্যাল এইড সেল প্রতিষ্ঠা করে চিকিৎসকদের আইনি সহায়তা দেওয়ার অঙ্গীকার করে নাসির উদ্দিন মাহমুদ-মিনহাজুর রহমান পরিষদ। এ ছাড়া চট্টগ্রামে ৫০ শয্যার বিশেষায়িত চর্মরোগ হাসপাতাল করা, ক্যানসার ইনস্টিটিউট ও হাসপাতাল ও ট্রমা সেন্টার প্রতিষ্ঠা করা, বন্দর হাসপাতালকে একটি স্বতন্ত্র কার্ডিয়াক হাসপাতালে রূপ দেওয়ারও অঙ্গীকার করা হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে পরিষদের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও স্বাচিপ চট্টগ্রামের সাবেক সভাপতি আ ন ম ফারুক উর রশীদ, সহসভাপতি প্রার্থী অধ্যাপক মোহাম্মদ আবদুর রউফ, আবু মনসুর মো. নিজামুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রার্থী মোহাম্মদ সেলিম, যুগ্ম সম্পাদক প্রার্থী মেজবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক সম্পাদক বিপ্লব পালিত, সদস্য প্রার্থী নাহিদা খানম শিমু প্রমুখ উপস্থিত ছিলেন।
বিএমএ চট্টগ্রাম শাখার নির্বাচনে স্বাচিপ থেকে এবার দুটি পরিষদ নির্বাচন করছে। অন্য পক্ষটিতে রয়েছেন বিএমএ চট্টগ্রামের বর্তমান সভাপতি মুজিবুল হক খান ও যুগ্ম সম্পাদক ফয়সাল ইকবাল চৌধুরী।
জানতে চাইলে স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) কেন্দ্রীয় মহাসচিব এম এ আজিজ গতকাল বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘চট্টগ্রামে নাসির-মিনহাজ পরিষদ স্বাচিপের মনোনীত প্যানেল। আমরা তাদেরই মনোনয়ন দিয়েছি। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার জন্য আমরা ইতিমধ্যে নির্বাচনী দায়িত্বপালনকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি।’