কুমিল্লা আদর্শ সদর উপজেলা পরিষদ নির্বাচনে সুবর্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ শেষে উপজেলা কমপ্লেক্সে ফেরার পথে পিকআপ ভ্যান উল্টে মো. হাসান (৪৫) নামের ট্রাফিক পুলিশের এক সদস্য মারা গেছেন৷ গতকাল সোমবার বিকেল সাড়ে পাঁচটায় সুবর্ণপুর সড়কে ওই ঘটনা ঘটে৷
এর আগে ভোরে নির্বাচনী দায়িত্ব পালন করতে যাওয়ার পথে ট্রাকচাপায় প্রাণ হারান কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চাষাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামরুন নাহার (৩২)৷
কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামসুজ্জামান জানান, সুবর্ণপুর কেন্দ্র থেকে আদর্শ সদর উপজেলা কমপ্লেক্সে ফিরছিলেন পুলিশের ছয় সদস্য৷ ওই সময় তাঁদের বহনকারী পিকআপ ভ্যানটি সুবর্ণপুর এলাকায় উল্টে গিয়ে খাদে পড়ে যায়৷ এতে পুলিশের ছয় সদস্য আহত হন৷ নিহত কামরুন নাহারের সদর দক্ষিণ উপজেলা পরিষদ নির্বাচনে আলমপুর ভোটকেন্দ্রের পোলিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করার কথা ছিল৷ পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল ভোর ছয়টায় কামরুন নাহার একই উপজেলার চান্দপুর গ্রাম থেকে ভোটকেন্দ্রের দিকে সিএনজিচালিত অটোরিকশাযোগে রওনা হন৷