কেন্দ্রের ভেতরে-বাইরে নৌকা প্রতীকের ব্যাজ পরে তৎপরতা চালাচ্ছেন কর্মীরা। ভোটকক্ষেও তাঁরা। ভোটকেন্দ্রে আসার পথেও নৌকার ব্যাজ পরা লোকজনের তৎপরতা। কিন্তু চোখে পড়েনি ধানের শীষের ব্যাজ পরা কাউকে।
চট্টগ্রামের মিরসরাই ও বারইয়ারহাট পৌরসভার ১৮টি কেন্দ্রের মধ্যে আটটি কেন্দ্র ঘুরে দেখা গেছে এই চিত্র। সকালে এসব কেন্দ্রে ভিড় দেখা গেলে দুপুরের পর ভোটারশূন্য হয়ে পড়ে। কারচুপির অভিযোগে এই দুই পৌরসভায় নির্বাচন স্থগিতের দাবি জানিয়েছেন বিএনপির দুই মেয়র পদপ্রার্থী।
সকাল সোয়া ১০টায় মিরসরাই পৌরসভার নোয়াপাড়া ফোরকানিয়া মাদ্রাসা কেন্দ্রে দেখা যায় ভোটারদের ভিড়। কিন্তু কেন্দ্রে বিএনপি প্রার্থীর কোনো এজেন্ট নেই। বাইরে ছিল নৌকার ব্যাজ পরা কর্মী-সমর্থকদের ভিড়। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. জসীম উদ্দিন বলেন, বিএনপি প্রার্থীর এজেন্ট সকালে এসে কিছুক্ষণ পরেই চলে গেছেন। এই কেন্দ্রে ভোটার ২ হাজার ৬২ জন। সকাল সাড়ে ১০টা পর্যন্ত ভোট পড়ে ৩৮০টি।
সকাল সাড়ে নয়টায় মিরসরাই হাইস্কুল-সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই ধরনের দৃশ্য দেখা যায়। নৌকা প্রতীকের কর্মীরা ভোটারদের ভোটদানে সহযোগিতা করছিলেন। দুপুরের পর এই কেন্দ্র ছিল ভোটারশূন্য। এই কেন্দ্রের বাইরে নৌকার ব্যাজ পরে পায়চারি করতে দেখা যায় মো. জয়নাল নামের এক ব্যক্তিকে। তিনি প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্রের দায়িত্বে আছি। ধানের শীষের প্রার্থীর কর্মীরা কেউ ব্যাজ পরেননি, হয়তো আছেন।’
ভোট গ্রহণ শুরুর দুই ঘণ্টা পরেই বিএনপির মনোনীত প্রার্থী এ জেড এম রফিকুল ইসলাম অভিযোগ করেন, নয়টি কেন্দ্র থেকে তাঁর এজেন্টদের বের করে দিয়েছে নৌকা প্রতীকের লোকজন। তাঁর বাড়ির সামনে আওয়ামী লীগ-ছাত্রলীগের শতাধিক কর্মী-সমর্থক এসে বাড়ির কাউকে ভোট দিতে দেননি। বিএনপির কর্মী-সমর্থকদেরও ভোটকেন্দ্রে যেতে দেননি। তিনি নির্বাচন স্থগিতের দাবি জানান।
তবে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, অভিযোগ ঠিক নয়। ধানের শীষ প্রতীকের লোকজন ভোটকেন্দ্রে ছিল। কাউকে বের করে দেওয়া হয়নি।
বারইয়ারহাট পৌরসভার কেরানি বাড়ির সামনে ৮ নম্বর কেন্দ্রে দুপুরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ কারণে এই কেন্দ্র ভোটারশূন্য হয়ে পড়ে। স্থানীয় সূত্রমতে, নৌকা প্রতীকের প্রার্থীর পোস্টার ছিঁড়ে ফেলা নিয়ে এই ঘটনা ঘটে। তবে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা সাইফুল্লাহ মজুমদার বলেন, ‘কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।’
পৌরসভার মাখন কাজী বাড়ির সামনে ২ নম্বর কেন্দ্রে ঢুকতেই চোখে পড়ল নৌকা প্রতীকের কর্মী-সমর্থকদের। ভোটকেন্দ্রে ছিল ভোটারদের লাইন। কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মোহাম্মদ হোছাইন প্রথম আলোকে বলেন, শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। বিএনপির কোনো এজেন্ট কেন্দ্রে আসেননি।
দুপুরে বিএনপির প্রার্থী মঈনুদ্দিন লিটন নিজ বাড়িতে সংবাদ সম্মেলনে বলেন, পৌরসভার নয়টি কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। ভোটের আগের দিন রাতে দুই এজেন্ট শফিকুর রহমান ও জিয়া উদ্দিনকে অপহরণ করা হয়েছে। তিনি নির্বাচন স্থগিতের দাবি জানান।
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী গিয়াস উদ্দিন বলেন, নির্বাচনে তাঁরা জিতবেন না বলে এমন অভিযোগ করেছেন।
দুই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিয়া আহমেদ সুমন প্রথম আলোকে বলেন, নির্বাচনে বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি বলেন, প্রার্থীরা অভিযোগ করেছেন। তবে প্রিসাইডিং কর্মকর্তারা নির্বাচনের পরিবেশ নিয়ে এমন কোনো তথ্য দেননি যাতে নির্বাচন স্থগিত করতে হয়।