ভোটকেন্দ্রে হত্যাকাণ্ড, সাতকানিয়ার কাউন্সিলর কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পৌরসভা নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনায় এক ব্যক্তি নিহত হওয়ার মামলায় কারাগারে গেছেন একজন কাউন্সিলর। তাঁর নাম মোজাম্মেল হক। তিনি সাতকানিয়া পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের নির্বাচিত কাউন্সিলর। এ ছাড়া তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক। 

আজ মঙ্গলবার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসানের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত আবেদন নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক এ এইচ এম মশিউর রহমান প্রথম আলোকে বলেন, সাতকানিয়া থানার একটি হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি ও কাউন্সিলর মোজাম্মেল হক আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে আদালত তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
গত বছরের ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনের দিন সাতকানিয়া কলেজ ভোটকেন্দ্রের বাইরে গোলাগুলির ঘটনায় নুরুল আমিন নামের এক ব্যবসায়ী নিহত হন। এ ঘটনায় পরদিন তাঁর স্ত্রী নুরউন নাহার বাদী হয়ে কাউন্সিলর মোজাম্মেল হকসহ নয়জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।