ভোটযুদ্ধে দুই বন্ধু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ছিলেন ঘনিষ্ঠজন। এখন তুমুল প্রতিদ্বন্দ্বী। কেউ কাউকে এতটুকু ছাড় দিতে রাজি নন। ভোটের ময়দানে মুখোমুখি তাঁরা। তাঁদের সম্পর্কের অবনতির তপ্ত হাওয়া লেগেছে এবারের পৌরসভা নির্বাচনে। এ দুই বন্ধুর একজন হলেন তৌহিদুর রহমান, অপরজন মতিয়ার রহমান।
৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনে মেয়র পদে তৌহিদুর রহমান আওয়ামী লীগ এবং মতিয়ার রহমান বিএনপি-মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের ঝোড়ো হাওয়া বইছে এ দুই বন্ধুকে ঘিরেই।
পৌর এলাকার চার-পাঁচজন বলেন, এই দুজনের বন্ধুত্ব শৈশব থেকেই। রাজনীতির হাতেখড়িও একসঙ্গে। এরশাদ সরকারের সময় জাতীয় যুব সংহতিতে নাম লেখানোর মধ্য দিয়ে তাঁদের রাজনৈতিক যাত্রা শুরু। তৌহিদুর রহমান ছিলেন ওই সংগঠনের উপজেলা সভাপতি আর মতিয়ার রহমান ছিলেন সাধারণ সম্পাদক। এরশাদ সরকার পতনের পর দুজনই রাজনৈতিক অঙ্গন থেকে একযোগে পিছুটান দেন। এরপর অনেক দিন নীরবতা। পরে মতিয়ার রহমান বিএনপিতে যোগ দেন। তৌহিদুর রহমান সাংবাদিকতা ও সামাজিক বিভিন্ন সংগঠন নিয়ে ছিলেন।
এরপর ২০০৩ সালে প্রথম পৌরসভা নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী হন মতিয়ার রহমান। তৌহিদুর রহমানও মনোনয়নপত্র দাখিল করে যোগ দেন আওয়ামী লীগে। এরপরই হঠাৎ করে তাঁদের সম্পর্কে নাটকীয় মোড় নেয়। বন্ধু হয়ে পড়েন প্রতিদ্বন্দ্বী। ২০১১ সালের পৌরসভা নির্বাচনেও এই দুজনই প্রতিদ্বন্দ্বিতা করেন। দুবারই মতিয়ার রহমান জয়লাভ করেন।
ওই দুই প্রার্থীর অনুসারী সাত-আটজনের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচনী লড়াইয়ের বাইরে তাঁরা দুজন ভালো বন্ধু। এবারের নির্বাচনে ওই দুই বন্ধুর লড়াই বেশ জমে উঠেছে। দুজনই আশা করছেন জয়লাভের। মতিয়ার রহমানের অনুসারীরা মনে করেন, মেয়র হিসেবে মতিয়ার রহমান ভালো একটা অবস্থান তৈরি করেছেন মানুষের মধ্যে। তিনি জনপ্রিয় নেতা। তা ছাড়া এটা বিএনপির দুর্গ হিসেবে পরিচিত। তাই ধানের শীষ প্রতীক থাকায় জয় অতি সহজেই হবে।
অপরদিকে তৌহিদুর রহমানের অনুসারীরা মনে করেন, এবার নৌকার জয় নিশ্চিত। কারণ হিসেবে তাঁরা বলেন, মতিয়ার রহমান দীর্ঘদিন একই পদে থাকায় মানুষের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা এবার তীব্র। ‘বারবার তো মতিয়ারকেই ভোট দিই। এবার তৌহিদুরকে ভোটটা দিয়ে দেখি তিনি কেমন করেন’—এমন একটা হাওয়া উঠেছে এ পৌরসভায়।
এ ব্যাপারে মতিয়ার রহমান বলেন, ‘বন্ধু ছিল, ভবিষ্যতেও থাকবে। নির্বাচন অন্য বিষয়। সুষ্ঠু নির্বাচন হলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। কারণ মেয়র থাকার সময় আমি এলাকার ব্যাপক উন্নয়ন করেছি। মানুষের সঙ্গেও ছিল সুসম্পর্ক।’
তৌহিদুর রহমান বলেন, ‘এবার নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ভোটাররা পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন। অভ্যন্তরীণ কোন্দলে এখানে বিএনপি মেরুদণ্ডহীন হয়ে পড়েছে। তা ছাড়া বর্তমান সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে মানুষের আস্থা বেড়েছে আওয়ামী লীগের প্রতি। তাই এবার বিএনপি কোনোভাবেই পৌরসভা নির্বাচনে সুবিধা করতে পারবে না।’