ভোটযুদ্ধে স্বামী-স্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে নেমেছেন স্বামী-স্ত্রী। ৩১ অক্টোবর অনুষ্ঠেয় ওই নির্বাচনে চেয়ারম্যান পদে ছয়জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয় পার্টির মনোনীত রফিকুল ইসলাম লাঙ্গল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাঁর স্ত্রী রোকসানা বেগম মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
স্বামী-স্ত্রী দুজনই ভোটাদের দ্বারে-দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। এর ফলে ভোটাররা বিপাকে পড়েছেন। হরিপুর ইউনিয়নের চরচরিতাবাড়ি গ্রামের ভোটার মুকুল মিয়া (৩০) বলেন, ‘স্বামী-স্ত্রী চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। কাকে ছেড়ে কাকে ভোট দেব। প্রার্থীদের চেয়ে আমরাই বেশি চিন্তায় পড়েছি।’ কানিচরিতাবাড়ি গ্রামের ভোটার মাহবুবার রহমান (৪০) বলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই আমাদের বাড়িতে ভোট চাইতে এসেছিলেন। কাউকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেইনি। যোগ্য প্রার্থী দেখেই ভোট দেব।’
রফিকুল বলেন, ‘কোনো কারণে আমার মনোনয়নপত্র বাতিল হলে সে ক্ষেত্রে স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করবে। কিন্তু দুজনের প্রার্থিতা বৈধ হয়েছে। এখন দুজনই মাঠে আছি।’ রোকসানা বলেন, ‘প্রার্থী যখন হয়েছি, প্রচারণা চালিয়ে যাচ্ছি। দেখি জনগণ কী রায় দেয়।’