ভোটাধিকারের নিশ্চয়তা চান দৌলতখান পৌরবাসী
ক্ষমতাসীন প্রার্থীরাই ভোলার দৌলতখান পৌরসভার নির্বাচনে জিতে আসছে। ভোটারদের মূল্যায়ন কখনই হয়নি। এবার অন্তত নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান পৌর এলাকার বাসিন্দারা। তাই নির্বাচন কমিশনের নিকট ভোটাধিকারের নিশ্চয়তা চান দৌলতখান পৌরবাসী।
পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ভোটার লিটন বলেন, ভোট দিতে চার দিন আগে ঢাকা থেকে ছুটি নিয়ে এসেছেন তিনি। কিন্তু এ পর্যন্ত কেউ ভোট চাইতে আসেননি। প্রার্থীদের যদি ভোট না দরকার হয়, বুঝতে হবে কেন্দ্রে যাওয়ার আগেই তাঁদের ভোট দেওয়া হয়ে যাবে। লিটনের মতো একই আশঙ্কার কথা জানালেন পৌরসভার বেশ কয়েকজন।
৪ নম্বর ওয়ার্ডের মাকসুদুর রহমান বলেন, সুষ্ঠু ভোট না হলে পছন্দের প্রার্থীকে ভোট দেওয়া যায় না। ঝুঁকি নিয়ে কে কেন্দ্রে যায় বলুন!
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘২০১৪ সালের ৭ এপ্রিল পৌরসভার উপনির্বাচনে আমার ভোট অন্যরা দিয়ে গেছে। তাই আমি এবার নিজের ভোট নিজেই দিতে চাই।’
আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র জাকির হোসেন তালুকদার বলেন, ‘দৌলতখানে এত ভালো ভোটের পরিবেশ এর আগে কখনো ছিল না। সুষ্ঠু নির্বাচন হবে, তাই ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছি।’
বিএনপির মেয়র প্রার্থী আনোয়ার হোসেন বলেন, ‘যদি সুষ্ঠু ভোট হয়, তা হলে আমি বিপুল ভোটে বিজয়ী হব। কিন্তু আওয়ামী লীগের কর্মী-সমর্থকেরা আমাকে প্রচারণা চালাতেই দিচ্ছে না। আমি ও আমার কর্মীরা গোপনে গণসংযোগ করছি।’
দৌলতখান পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, আজ বুধবার থেকে ভ্রাম্যমাণ আদালত নামবেন। ভোটাধিকার নিশ্চিত ও নির্বাচন সুষ্ঠু করার জন্য আইন প্রয়োগকারী সব সংস্থা কাজ করবে। ভোটারদের ভয় পাওয়ার কিছু নেই।