ভোটার কোথাও এক লাখ, কোথাও ১২ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দুই সিটি করপোরেশনের কোনো কোনো ওয়ার্ডে ভোটারসংখ্যা এক লাখের ওপরে। আবার কোথাও ১৫ হাজারের নিচে। ভোটারসংখ্যার এই ব্যবধানের কারণে কাউন্সিলর পদপ্রার্থীরা নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রে বৈষম্যের শিকার হবেন।
যেসব ওয়ার্ডের ভোটার কম, সেখানকার প্রার্থীদের ব্যয় কম হবে। আবার যেসব ওয়ার্ডে ভোটার বেশি, সেখানকার প্রার্থীদের বেশি টাকা ব্যয় করতে হবে। স্থানীয় সরকার মন্ত্রণালয় জনসংখ্যার ব্যবধান কাছাকাছি রেখে ওয়ার্ডের সীমানা বিন্যাস না করায় এই সমস্যা দেখা দিয়েছে।
উত্তর সিটিতে পাঁচটি ওয়ার্ডের ভোটারসংখ্যা এক লাখের ওপরে। আবার পাঁচটি ওয়ার্ডের ভোটার সংখ্যা ৩০ হাজারের ঘরে। একটি ওয়ার্ডের সঙ্গে অন্য একটি ওয়ার্ডের ভোটারসংখ্যার সর্বোচ্চ ব্যবধান ৮৩ হাজার ২২৩। দক্ষিণ সিটির ছয়টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ৫০ হাজারের ওপরে। অন্যদিকে ১১টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ২০ হাজারের নিচে। এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের ভোটারসংখ্যার সর্বোচ্চ ব্যবধান ৬৩ হাজার ৭৯।
জানতে চাইলে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত সচিব আবদুল মালেক বলেন, ওয়ার্ড অতীতেও ভাঙা হয়নি, এখনো ভাঙা সম্ভব নয়। জনসংখ্যা কমবেশি মেনে নিতেই হবে। উন্নয়ন বরাদ্দের ক্ষেত্রে অগ্রসর ও অনগ্রসর এলাকা বিবেচনায় নিলে উন্নয়নে বৈষম্য থাকবে না।
নির্বাচনী আইনে বলা আছে, কাউন্সিলর পদে নির্বাচনী ব্যয়ের সীমা সর্বোচ্চ ১৫ হাজার ভোটারের ওয়ার্ডের জন্য এক লাখ টাকা, সর্বোচ্চ ৩০ হাজার ভোটারের জন্য দুই লাখ টাকা, সর্বোচ্চ ৫০ হাজার ভোটারের জন্য চার লাখ টাকা এবং ৫০ হাজারের বেশি ভোটারের ওয়ার্ডের জন্য ছয় লাখ টাকা।
কাউন্সিলর পদপ্রার্থীদের জামানতের ক্ষেত্রে বলা আছে, ১৫ হাজার ভোটারের ওয়ার্ডের জন্য ১০ হাজার টাকা, ৩০ হাজার ভোটারের জন্য ২০ হাজার টাকা, ৫০ হাজার ভোটারের জন্য ৩০ হাজার টাকা এবং ৫০ হাজারের বেশি ভোটারের ওয়ার্ডের জন্য ৫০ হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে।
এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় সরকার বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ প্রথম আলোকে বলেন, ভোটারসংখ্যার ব্যবধান ব্যাপক হারে কমবেশি হলে কাউন্সিলর পদপ্রার্থীরা বৈষম্যের শিকার হন। কারও বেশি ব্যয় হবে, কারও কম হবে। বিষয়টি নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তত্ত্বের পরিপন্থী। একই সঙ্গে করপোরেশনের বাজেট বরাদ্দের ক্ষেত্রেও বৈষম্য তৈরি করে। সে জন্য এক ওয়ার্ডের সঙ্গে অন্য ওয়ার্ডের ভোটারসংখ্যার ব্যবধান কখনোই পাঁচ হাজারের বেশি হওয়া উচিত নয়।
উত্তর সিটি: উত্তর সিটির ২ নম্বর ওয়ার্ডের (পল্লবী) ভোটারসংখ্যা ১ লাখ ৬ হাজার ১৭২। একই এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ভোটার ১ লাখ ১৫ হাজার ৫৩৬ জন। আবার ১৫, ১৬ ও ১৭ নম্বর ওয়ার্ডের (ক্যান্টনমেন্ট) ভোটারসংখ্যা যথাক্রমে ৭৯ হাজার ৫৫, ৮৫ হাজার ৮৫ ও ১ লাখ ৪ হাজার ৩৪০। ২২ নম্বরের (গুলশান) ভোটারসংখ্যা ১ লাখ ১ হাজার ৪৫।
উত্তর সিটির নয়টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ৩০ হাজারের ঘরে। এর মধ্যে মোহাম্মদপুরের ৩১ ও ৩২ নম্বরের ভোটার যথাক্রমে ৩১ হাজার ৭৭৭ জন ও ৩৩ হাজার ৬৮৫ জন। আবার গুলশানের ১৮ নম্বর ওয়ার্ডের ভোটার ৩৬ হাজার ৯৯৮ জন।
দক্ষিণ সিটি: দক্ষিণ সিটির ৫৭টি ওয়ার্ডের মধ্যে ছয়টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ৫০ হাজারের ওপরে। এর মধ্যে সবুজবাগের ২ ও ৪ নম্বর ওয়ার্ডের ভোটার যথাক্রমে ৬৬ হাজার ৬৮৮ এবং ৫৮ হাজার ১০১ জন। লালবাগের ২২ নম্বর ওয়ার্ডের ভোটার ৫৫ হাজার ৩১৬ জন।
অন্যদিকে ১১টি ওয়ার্ডের ভোটারসংখ্যা ২০ হাজারের নিচে। এর মধ্যে ১০ নম্বর ওয়ার্ডের (মতিঝিল) ভোটার ১৬ হাজার ২৫৫, ২৭ নম্বরে (লালবাগ) ১৭ হাজার ৩৭১, ৩৫ নম্বরে (কোতোয়ালি) ১৫ হাজার ৬৪৩ এবং ৪৪ নম্বর ওয়ার্ডে (সূত্রাপুর) ১৯ হাজার ৩৬৫ জন।