ভোটার তালিকা নিয়ে প্রশ্ন, ভোট জালিয়াতির আশঙ্কা
ত্রুটিপূর্ণ ভোটার তালিকার কারণে বার কাউন্সিল নির্বাচনে ভোট জালিয়াতির আশঙ্কা করা হচ্ছে। ২০ মে অনুষ্ঠেয় এই নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর ভোটার তালিকার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন বার কাউন্সিলের বিদায়ী নির্বাহী কমিটির আওয়ামী লীগ-সমর্থিত পাঁচ সদস্য।
প্রথম আলোর অনুসন্ধানে দেখা যাচ্ছে, ৪৮ হাজার ৪৬৫টি ক্রমিকসংবলিত ভোটার তালিকাটি প্রচলিত আইনের শর্ত পূরণ না করে প্রকাশ করা হয়েছে। একটি নাম পাঁচ থেকে আটবারও মুদ্রিত হয়েছে। কারও পরিচয় বোঝার উপায় নেই। পিতার নাম বা সনদ প্রাপ্তির ক্রমিকের কোনো উল্লেখ নেই। ফলে এক ব্যক্তির পক্ষে বিপুল জাল ভোট দেওয়ার সুযোগ রয়েছে। এক ব্যক্তির নাম ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও নরসিংদী বার কেন্দ্রে থাকলে তাঁর পক্ষে এক দিনে চার কেন্দ্রেই জাল ভোট দেওয়া সম্ভব। দ্বৈত ভোটারের সংখ্যা সম্পর্কে কারও সঠিক ধারণা নেই।
বার কাউন্সিলের বিদায়ী নির্বাহী কমিটির আওয়ামী লীগ-সমর্থিত পাঁচ সদস্য এ ঘটনার জন্য বার কাউন্সিলের চেয়ারম্যান অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও বিএনপি-সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনকে দায়ী করেছেন। এই অভিযোগ মেনে নিয়ে অবশ্য ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়াও চলছে। কিন্তু নির্বাচনের আগে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ নিয়ে অনিশ্চয়তা কাটেনি।
এ বিষয়ে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল প্রথম আলোর কাছে স্বীকার করেন, প্রকাশিত ভোটার তালিকা ত্রুটিপূর্ণ এবং এ জন্য গত ২৯ এপ্রিল কাউন্সিলের জরুরি সভায় নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী এর সংশোধন-প্রক্রিয়া চলছে। অ্যাটর্নি জেনারেলের অনুমান, প্রায় এক হাজার দ্বৈত ভোটারের অন্তর্ভুক্তি ঘটেছে। প্রশ্নের জবাবে তিনি বলেন, এটাই প্রত্যাশা ও রেওয়াজ যে একজন আইনজীবী একবারের বেশি ভোট দেবেন না। তিনি নিশ্চিত করেন, বার নির্বাচনে কখনো অমোচনীয় কালির ব্যবহার হয়নি। খন্দকার মাহবুব হোসেন এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
অ্যাটর্নি জেনারেল পদাধিকারবলে বার কাউন্সিলের চেয়ারম্যান। তাঁর দায়িত্বেই গত ৯ এপ্রিল ৪৮ হাজার ৪৬৫ জনের চূড়ান্ত ভোটার তালিকা এবং ২০ এপ্রিল বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এরপর ১০১ জন আইনজীবী ‘ভোট জালিয়াতির’ আশঙ্কা ব্যক্ত করে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে চিঠি দেন।
প্রথম আলোর অনুসন্ধানে জানা গেছে, বার কাউন্সিলের ভোটার তালিকা প্রণয়ন নিয়ে দীর্ঘদিন ধরে অনিয়ম চলছে। ২০১২ সালেও ত্রুটিপূর্ণ ভোটার তালিকা দিয়ে নির্বাচন হয়। কিন্তু এবার গুরুতর আপত্তি ওঠে। দেশে বর্তমানে ৮১টি জেলা বার আছে। ২০ মে সারা দেশের ৭৭ কেন্দ্রে ভোট গ্রহণ চলবে। একজন সদস্য চাইলে পৃথকভাবে সব বারের সদস্য হতে পারেন। আইনে কোনো সীমা দেওয়া নেই। কিন্তু বার কাউন্সিল আইনের ১১ (২) ধারায় বলা আছে, এক ব্যক্তি কেবল ভোটার তালিকায় নির্দিষ্ট করা কেন্দ্রেই ভোট দেবেন।
২৯ এপ্রিল বার কাউন্সিলের জরুরি সভায় এ বিষয়ে ঈষৎ উত্তপ্ত আলোচনা হয়। এতে মাহবুবে আলম, খন্দকার মাহবুব হোসেন, সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন, তানিয়া আমীর প্রমুখ উপস্থিত ছিলেন। সভার ‘সর্বসম্মত’ সিদ্ধান্ত অনুযায়ী, ৩০ এপ্রিল প্রথম আলোতে একটি বিজ্ঞপ্তি ছাপা হয়।
বিজ্ঞপ্তিতে যাঁরা সুপ্রিম কোর্ট বারের সদস্য হিসেবে ভোটাধিকার প্রয়োগ না করে অন্য বার থেকে ভোট দিতে আগ্রহী, তাঁদের সাত দিনের মধ্যে জানাতে অনুরোধ করা হয়েছে। এরপর প্রায় ৪০০ সদস্য সুপ্রিম কোর্ট থেকে নাম কেটে ঢাকা বার থেকে ভোট দেওয়ার ইচ্ছা ব্যক্ত করেন। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এভাবে ভোটার তালিকা কিছুটা সংশোধন হলেও ত্রুটি দূর হবে না। কারণ, যাঁরা একাধিক জেলা বারের সদস্য হিসেবে ভোটার হয়েছেন, তাঁদের নাম থেকে যাচ্ছে। অবশ্য বার কাউন্সিলের কর্মকর্তাদের দাবি, তাঁরা ত্রুটি দূর করতে সচেষ্ট আছেন। গত শুক্রবার পর্যন্ত তিন শতাধিক দ্বৈত ভোটার চিহ্নিত করা হয়েছে। কিন্তু ভোটের আগে তালিকা সম্পূর্ণভাবে ত্রুটিমুক্ত করা সম্ভব নয় বলেই তাঁরা ইঙ্গিত দিয়েছেন।
এদিকে ২৯ এপ্রিলের বৈঠকে আওয়ামী লীগ-সমর্থক নির্বাহী কমিটির সদস্যরা মাত্র এক দিনেই ত্রুটিমুক্ত ভোটার তালিকা প্রস্তুত করা সম্ভব বলে মত দিয়েছিলেন।
বার কাউন্সিলের সচিব (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ আলতাফ হোসাইন প্রথম আলোকে বলেন, সংশোধিত ভোটার তালিকা কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে প্রকাশ করা হবে। কিন্তু তিনি কোনো নির্দিষ্ট তারিখ বলতে পারেননি। ১৫ মে বার কাউন্সিলের বৈঠক ডাকা হলেও আলোচ্যসূচিতে ভোটার তালিকা নেই।
বর্তমানে বার কাউন্সিলের ১৪ সদস্যের নির্বাহী কমিটিতে বিএনপির নয়জন ও আওয়ামী লীগ-সমর্থিত প্যানেলের পাঁচজন রয়েছেন।
২৯ এপ্রিলের বৈঠকে মতিন খসরু ও তানিয়া আমীর লিখিত আপত্তি দেন। ওই দিনই তাঁরা এবং অপর তিন সদস্য আলাদা চিঠিতে ‘রহস্যজনকভাবে’ এক ব্যক্তির নাম দুবার করে ভোটার তালিকায় ছাপানোর নমুনা হিসেবে সাতটি নাম উল্লেখ করেন। প্রথম আলোর অনুসন্ধানে দেখা যায়, ওই সাতজনের মধ্যে পাঁচজনেরই দ্বৈত ভোটার হিসেবে নাম ছাপা হয়েছে। ফলে তাঁরা জাল ভোট দেওয়ার সুযোগ পাবেন।
বার কাউন্সিলের ১৪ সদস্য নির্বাচনের জন্য ভোট হবে। যিনি শুধু সুপ্রিম কোর্ট বারের সদস্য, তিনি সাধারণ আসনের সাত প্রার্থীকে ভোট দিতে পারেন। অন্য বারের সদস্য হলে অতিরিক্ত আরেকটি ভোট (গ্রুপভিত্তিক) দেওয়া যায়। সে কারণে উল্লিখিত প্রায় ৪০০ আইনজীবী সুপ্রিম কোর্ট বার থেকে নাম কেটে শুধু ঢাকা বারের সদস্য হিসেবে ভোট দিতে আগ্রহ ব্যক্ত করেছেন। আট ভোটের সুযোগ নিতে অ্যাটর্নি জেনারেল নিজেও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর সুপ্রিম কোর্ট বার থেকে তাঁর নাম কেটে শুধু ঢাকা বারে রাখতে চিঠি দিয়েছেন। অথচ তিনি এটা দু-এক বছর আগেই সম্পন্ন করতে পারতেন।
ভোট জালিয়াতির আশঙ্কার কথা উঠলে ২২ এপ্রিল অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের সচিবকে লেখা চিঠিতে ‘অনেকসংখ্যক ভোটার কর্তৃক দ্বৈত ভোট প্রদানের’ আশঙ্কার কথা উল্লেখ করেন। তিনি নির্দিষ্টভাবে ‘নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছ রাখার জন্য ভোটার তালিকা কীভাবে সংশোধন করার পদক্ষেপ নেওয়া হবে’, তার একটি নির্দেশনা দেন। তবে ২৯ এপ্রিলের মধ্যে সংশোধিত ভোটার তালিকা সব আইনজীবী সমিতিতে পাঠানোর নির্দেশ কার্যকর হয়নি।
দ্বৈত ভোট এড়াতে আনা ২০০৩ সালের একটি সংশোধনী কোনো আলোচনা ছাড়াই ২০১১ সালে সংসদে বাতিল করা হয়। ওই আইনে নির্বাচনের ১৮০ দিন আগেই লিখিতভাবে কেন্দ্র নির্দিষ্ট করার বাধ্যবাধকতা ছিল।
২৯ এপ্রিল জরুরি সভার দিনেই মতিন খসরু, তানিয়া আমীরসহ পাঁচ আইনজীবীর চিঠিতে ভোটার তালিকায় ব্যাপক অনিয়মের অভিযোগ এনে বলা হয়, কোনো যাচাই-বাছাই ছাড়াই ভোটার তালিকা প্রকাশ করে বার কাউন্সিলকে পোস্ট অফিসে পরিণত করা হয়েছে।
নিজে নির্বাহী কমিটির সদস্য হিসেবে এর আগে এসব বিষয় কেন তোলেননি? জবাবে তানিয়া আমীর বলেন, ‘কমিটিতে সংখ্যালঘু হিসেবে সব সময় আমরা চাপে থাকতাম। সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়ায় আমাদের সঙ্গে বিমাতাসুলভ আচরণ করা হয়েছে।’
আইনের ৬২ (২) ধারায় শপথ পাঠপূর্বক আইনজীবীদের তালিকাভুক্তির সনদ দেওয়ার বিধান আছে। অথচ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে প্রায় নয় হাজার আইনজীবীকে ভোটার করা হলেও তাঁদের একজনকেও শপথ বা সনদ দেওয়া হয়নি। এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন, শপথ পাঠ বা সনদ দেওয়া না-দেওয়ার বিষয়ে তাঁর কিছুই জানা নেই।
প্রশ্নের জবাবে বার কাউন্সিলের সচিব আলতাফ হোসাইন বলেন, সনদে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সচিবের সই লাগে। কিন্তু ব্যস্ততার কারণে সবার সই নিতে বিলম্ব ঘটে। দীর্ঘদিন এটা জমে থাকার কারণে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
মন্তব্য চাইলে প্রবীণ আইনজীবী রফিক-উল হক প্রথম আলোকে বলেন, ‘আইনজীবীদের ভোটার তালিকা নিয়ে যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ লোক কী বলবে?’
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদ প্রথম আলোকে বলেন, এক ব্যক্তির একটি ভোটই থাকা উচিত। ভোটার তালিকায় স্বচ্ছতা আনতে ২০০৩ সালে আইন সংশোধন করা হয়েছিল। সরকারের এটা বাতিল করা অন্যায় হয়েছে। কিন্তু বাতিল করেও গত নির্বাচনে তারা জয় পায়নি। বর্তমান অবস্থা সম্পর্কে মন্তব্য করতে তিনি অস্বীকৃতি জানান।