নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী বলেছেন, ভোটার তালিকা হালনাগাদ করা-সংক্রান্ত আইনের সংশোধন প্রয়োজন৷ গতকাল শনিবার সকালে গাজীপুরের কাপাসিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ করার কাজ সরেজমিনে পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার বলেন, প্রচলিত আইন অনুযায়ী প্রতিবছর ১ জানুয়ারি যাঁদের ১৮ বছর পূর্ণ হয়, কেবল তাঁরাই ২ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন। কিন্তু ১ জানুয়ারির এক দিন পরে কোনো ব্যক্তির জন্ম হলে তাঁকে ৩৬৪ দিন অপেক্ষা করতে হয়। তাই যেদিন যাঁর ১৮ বছর পূর্ণ হবে, সেদিনই যেন তিনি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেন, এমন ব্যবস্থা করা প্রয়োজন৷ এ কারণেই প্রচলিত আইনের সংশোধন দরকার৷
নির্বাচন কমিশনার কাপাসিয়া বাজারের বিভিন্ন ভোটারের সঙ্গে কথা বলেন। এ সময়ের মধ্যে যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের সবাই যাতে ছবিসহ ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারেন, সে জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি৷ সেই সঙ্গে ভুয়া ভোটার সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান৷
এ সময় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাফ হোসেন।