ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরু
নরসিংদীতে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ। গতকাল শনিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ কার্যক্রম উদ্বোধন করেন তিনি।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘প্রতিবছরই আমরা ভোটার তালিকা হালনাগাদ করে থাকি। এ বছরও সেই ধারাবাহিকতায় কর্মসূচি হাতে নিয়েছি। এটি খুব গুরুত্বপূর্ণ কাজ। এ কাজে আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন।’
প্রধান নির্বাচন কমিশনার সবাইকে সতর্ক করে দিয়ে বলেন, ‘উন্নত সফটওয়্যার দিয়ে আমরা ভোটারদের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি করছি। এ ক্ষেত্রে কেউ দুই জায়গায় ভোটার হওয়ার চেষ্টা করলে তা নিশ্চয়ই ধরা পড়বে। কেউ দ্বৈত ভোটার হলে বা হওয়ার চেষ্টা করলে তাঁকে কঠিন শাস্তির আওতায় নেওয়া হবে।’
সিইসি বলেন, ‘আমাদের নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের আপনারা সহযোগিতা করবেন এবং সঠিক তথ্য দেবেন। মাঠপর্যায়ে তথ্য সংগ্রহকারীরাও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবেন।’
নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলাম, ঢাকা বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান, নির্বাচন কমিশন সচিবালয়ের অতিরিক্ত সচিব মোখলেছুর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন বিভাগের মহাপরিচালক সুলতানুজ্জামান, নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোরশেদ জামান ও পুলিশ সুপার আমেনা বেগম।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, হালনাগাদ কার্যক্রমে ভোটার হওয়ার যোগ্য ৭২ লাখ নাগরিককে এ বছর নিবন্ধনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের জানুয়ারির মধ্যে যারা ভোটার যোগ্য হবে, তাদের তথ্যও সংগ্রহ করা হবে। অর্থাৎ যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি কিংবা তার আগে তাদের তথ্য সংগ্রহের কাজ শুরু হলো। এবারই প্রথম যাদের বয়স ১৫ থেকে ১৭ হয়েছে সেসব নাগরিকের তথ্য সংগ্রহ করা হবে। এতে করে একটি নির্ভুল ও সঠিক ভোটার ডেটাবেজ গড়ে উঠবে। এ জন্য সারা দেশে ৫০ হাজার তথ্য সংগ্রহকারী এবং ১০ হাজার সুপারভাইজার নিয়োগ করা হয়েছে।