ভোটার তালিকা হালনাগাদ নিয়ে আইনি জটিলতা
১৫ মে থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা নিয়ে আইনি জটিলতা দেখা দিয়েছে। ভোটার তালিকাবিধি ও জাতীয় পরিচয় নিবন্ধনবিধি সংশোধনের কাজ চূড়ান্ত না হওয়াই এর কারণ৷
নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, আইন মন্ত্রণালয় বিধি দুটি যাচাইয়ের কাজ চূড়ান্ত না করে এ-সংক্রান্ত নথিটি গতকাল বৃহস্পতিবার বিকেলে কমিশন সচিবালয়ে ফেরত পাঠিয়েছে। তাঁরা বিধি সংশোধন-সংক্রান্ত কিছু বিষয়ের ব্যাখ্যা চেয়েছে। এ অবস্থায় কমিশন সচিবালয় ভোটার তালিকা হালনাগাদের ফরম ছাপানোর কাজ শুরু করতে পারছে না।
কমিশন সচিবালয়ের যুগ্ম সচিব মো. শাহজাহান প্রথম আলোকে বলেন, বিধি সংশোধন না করে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করা হলে তা নিয়ে আইনি প্রশ্ন উঠতে পারে। এ ক্ষেত্রে করণীয় কী, সে বিষয়ে কমিশন আগামী রোববার সিদ্ধান্ত নেবে।
সূচি অনুযায়ী, ১৫ থেকে ২৪ মের মধ্যে ১৮২, ১৫ থেকে ২৪ জুনের মধ্যে ২১৯ এবং ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ১১৩ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ হওয়ার কথা।
নির্বাচন কমিশন ভোটারদের স্মার্টকার্ড দেওয়ার জন্য বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এক হাজার ৪০০ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করে। বিশ্বব্যাংক বলেছে, আইনে নাগরিকের তথ্যের সুরক্ষার বিষয়টি নিশ্চিত হলে তারা এ প্রকল্পের জন্য অর্থ ছাড় করবে। এই শর্ত পূরণের জন্যই কমিশন ভোটার তালিকাবিধি ও নিবন্ধনবিধি সংশোধনের উদ্যোগ নেয়।
কমিশন সচিবালয় আরও জানায়, বাংলাদেশ ব্যাংক এখন ভোটার/নাগরিকের নয় ধরনের তথ্য অনলাইনে যাচাই করতে পারবে। গতকাল তাদের এ-সংক্রান্ত প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। নতুন চুক্তি অনুযায়ী বাংলাদেশ ব্যাংক নাগরিকের স্বামী/স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা এবং পেশা সম্পর্কেও জানতে পারবে। এর আগে কেন্দ্রীয় ব্যাংক নাগরিকের নাম, পিতা/স্বামীর নাম, মায়ের নাম, জন্মতারিখ, রক্তের গ্রুপ ও ছবি সম্পর্কে জানতে পারত।