ভোটার তালিকা হালনাগাদ শুরু আজ থেকে
আজ বৃহস্পতিবার থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হচ্ছে৷ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ আজ সকাল সাড়ে ১০টায় মানিকগঞ্জের শিবালয়ে আনুষ্ঠানিকভাবে হালনাগাদের কাজ উদ্বোধন করবেন৷
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, যাঁদের জন্ম ১৯৯৭ সালের ১ জানুয়ারি বা তার আগে হয়েছে, তাঁদের এবার ভোটার করা হবে৷ প্রথম পর্বে ২৪ মে পর্যন্ত ১৮১টি উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ করা হবে৷ দ্বিতীয় পর্বে আগামী ১৫ থেকে ২৪ জুনের মধ্যে ২১৮টি এবং তৃতীয় পর্বে ১ থেকে ১০ সেপ্টেম্বরের মধ্যে ১১৫টি উপজেলার ভোটার তালিকা হালনাগাদ করা হবে৷ এবারও তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করবেন৷ তবে ছবি তোলার জন্য ভোটারদের নিকটস্থ তথ্যকেন্দ্রে যেতে হবে৷
নির্বাচন কমিশন সচিবালয় থেকে জানানো হয়েছে, এবারের হালনাগাদে আনুমানিক ৪৬ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত হতে পারে৷