ভোটার তালিকার তথ্য সংশোধনে টাকা আদায় মামলা করল ইসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় জাকির হোসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে ভোটার তালিকার কার্যক্রমে বিভিন্ন তথ্য সংশোধনের প্রতিশ্রুতি দিয়ে অবৈধভাবে টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
জাকির হোসেনের বাড়ি উপজেলার উজানচর ইউনিয়নের রমজান মাতুব্বরের পাড়ায়। তাঁর বাবার নাম আবদুল ওহাব। তিনি গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে একটি বেসরকারি কোম্পানির পক্ষে ডেটা এন্ট্রি অপারেটর পদে ছিলেন। অনিয়মের অভিযোগ ওঠার পর তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
এর আগেও জাতীয় পরিচয়পত্র নিয়ে অনিয়মের কারণে তিনজনকে বরখাস্ত করার ঘটনা ঘটেছিল। তবে কারও বিরুদ্ধে কমিশনের মামলার ঘটনা এটাই প্রথম।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, একটি প্রকল্পের অধীন ই-জোন এইচ আর এম লিমিটেড গত মার্চে জাকির হোসেনকে গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে ডেটা এন্ট্রি অপারেটর পদে নিয়োগ দেয়। প্রতিটি উপজেলা নির্বাচন কার্যালয়ে এই পদে দুজন করে নিয়োগ দেওয়া হয়, মেয়াদ সাধারণত এক বছর। জাকির হোসেনের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজের বয়স কমিয়ে দ্বিতীয়বার ভোটার হন। এ ছাড়া বয়সসহ বিভিন্ন তথ্য সংশোধন করে দেওয়ার কথা বলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে ঘুষ আদায় করেন। এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার একটি লিখিত অভিযোগ পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
জেলা নির্বাচন কর্মকর্তা এম মাজহারুল ইসলাম বলেন, ৪ আগস্ট জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ইসির দপ্তর থেকে চিঠি আসে। ওই দিন রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার হোসেন বাদী হয়ে গোয়ালন্দ থানায় মামলা দায়ের করেন। কমিশনের সুপারিশ অনুযায়ী তাঁকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গোয়ালন্দ উপজেলা নির্বাচন কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘ইসির নির্দেশনা অনুযায়ী জাকির হোসেনের নামে মামলা করা হয়েছে। মানুষের কাছ থেকে টাকা নিয়ে বয়স সংশোধন বা অন্য কোনো তথ্য সংশোধন করার বিষয়ে আমার জানা নেই।’
এ বিষয়ে জানতে গতকাল মঙ্গলবার জাকির হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
গোয়ালন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা আবুল কালাম আজাদ জানান, দুবার ভোটার হওয়ায় জাকিরের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তদন্ত কার্যক্রম চলছে।