ভোটার তালিকার ভুল সংশোধন করা যাবে উপজেলা সার্ভার স্টেশনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার মোহাম্মদ আবদুল মোবারক বলেছেন, বছরের যেকোনো সময় উপজেলার সার্ভার স্টেশনে এসে একটি নির্দিষ্ট সময়ের মধ্যে জাতীয় পরিচয়পত্র ও ছবিসহ ভোটার তালিকার ভুল সংশোধন করা যাবে৷ এ ক্ষেত্রে কার্যালয়ের কেউ যদি মানুষকে হয়রানি করেন, তাহলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল মঙ্গলবার চট্টগ্রামের পটিয়ায় ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পটিয়ায় রোহিঙ্গাদের ভোটার করার অভিযোগ প্রসঙ্গে নির্বাচন কমিশনার আবদুল মোবারক বলেন, ‘রোহিঙ্গারা যেন ভোটার হতে না পারেন, আমরা সেদিকে সজাগ দৃষ্টি রাখব। তবে এ ক্ষেত্রে তাঁদের চিহ্নিত করার দায়িত্ব স্থানীয় জনপ্রতিনিধিদের।’
পটিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকেয়া পারভীন৷ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আবদুল বাতেন, জেলার জ্যেষ্ঠ নির্বাচন কর্মকর্তা খোরশেদ আলম। মতবিনিময় সভায় বক্তব্য দেন পটিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজাফফর আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ ক ম সামশুজ্জামান চৌধুরী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সৈয়দ এয়ার মোহাম্মদ, নারী ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম প্রমুখ৷