ভোটার তালিকায় তথ্য ও ছবি সংশোধন যেকোনো সময়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাবেদ আলী বলেছেন, জাতীয় পরিচয়পত্র বা ভোটার তালিকায় ভুল থাকলে যে কেউ বছরের যেকোনো সময় জেলা-উপজেলার সার্ভার স্টেশনগুলো থেকে সংশোধন করে নিতে পারবেন৷ শুধু তথ্যগত সংশোধন নয়, চাইলে ছবিও পরিবর্তন করা যাবে৷
গতকাল সোমবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় নির্বাচন কমিশনার এ কথা বলেন৷
সভায় প্রধান অতিথির বক্তব্যে জাবেদ আলী বলেন, ভোটার তালিকা তৈরি সাংবিধানিক বাধ্যবাধকতা। তাই প্রাপ্তবয়স্ক কোনো ভোটার যাতে তালিকা থেকে বাদ না পড়েন, সেদিকে কড়া নজর রাখতে হবে৷ আগামী ১ জানুয়ারি যাঁদের বয়স ১৮ হবে বা যাঁদের বয়স ১৮ বছর হয়ে গেছে, তাঁদের সবার নাম ভোটার তালিকায় নির্ভুলভাবে অন্তর্ভুক্ত করতে হবে৷ আর যাঁরা মৃত্যুবরণ করেছেন, তাঁদের নাম তালিকা থেকে বাদ দিতে হবে৷
রাজশাহীর পবা ও গোদাগাড়ী উপজেলায় ভারতীয় নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার অভিযোগ সম্পর্কে নির্বাচন কমিশনার বলেন, ভারতীয় নাগরিককে চিহ্নিত করার দায়িত্ব স্থানীয় নাগরিক ও ইউনিয়ন পরিষদের।
মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ৷ সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক দেওয়ান মো. শাহরিয়ার ফিরোজ৷