ভোটার বাগে আনতে সড়ক সংস্কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভারের নামাবাজার–সাবরেজিস্ট্রার সড়ক সংস্কা​র করা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো
সাভারের নামাবাজার–সাবরেজিস্ট্রার সড়ক সংস্কা​র করা হচ্ছে। গতকাল তোলা ছবি l প্রথম আলো

ঢাকার সাভার পৌর এলাকার প্রায় সব সড়কই খানাখন্দে ভরা। এর মধ্যে ৪ নম্বর ওয়ার্ডে নামাবাজার থেকে সাব-রেজিস্ট্রারের কার্যালয় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার সড়কের অবস্থা খুবই নাজুক। দেড় যুগেরও বেশি সময় ধরে ওই সড়কে উন্নয়নের ছোঁয়া লাগেনি। কিন্তু সম্প্রতি সড়কটিতে খোঁড়াখুঁড়ি শুরু হয়েছে।
সাভার পৌরসভা সূত্র জানায়, সাভার বাজার রোডের কবিরের বাড়ি থেকে নামাবাজার-সাব-রেজিস্ট্রারের কার্যালয় সড়কের আংশিক এলাকা হয়ে বংশী নদী পর্যন্ত ৭০০ মিটার দীর্ঘ নালাসহ (ড্রেন) সড়ক উন্নয়ন করা হচ্ছে। এশীয় উন্নয়ন ব্যাংকের অর্থায়নে সাভার পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর প্রকল্পটি বাস্তবায়ন করছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৪১ লাখ টাকা। চলতি বছরের মার্চ মাস থেকে আগামী বছরের মার্চের মধ্যে কাজ শেষ করার কথা। কিন্তু গত নয় মাসেও কাজ শুরু করা হয়নি। তিন-চার দিন আগে কাজ ধরা হয়।
এলাকার সাধারণ মানুষ ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা মনে করছেন, পৌর নির্বাচন সামনে রেখে এই খোঁড়াখুঁড়ি বর্তমান কাউন্সিলরের নির্বাচনী কৌশল।
স্থানীয় দক্ষিণপাড়ার বাসিন্দা পান্ডব রাজবংশী ও সমির সাহাসহ অনেকে বলেন, বছর বিশেক আগে সড়কটি নির্মাণ করার পর থেকে এটিতে উল্লেখযোগ্য কোনো সংস্কার করা হয়নি। ঘনবসতিপূর্ণ এলাকার ভেতর দিয়ে নির্মিত ওই সড়কের পাশে প্রয়োজনীয় ড্রেন না থাকায় সামান্য বৃষ্টিতেই হাঁটুপানি জমে যায়। আবর্জনাসহ ওই পানি অনেকের ঘরে পর্যন্ত ঢুকে পড়ে। এ ছাড়া খানাখন্দে ভরা ওই সড়কে চলাচলের সমস্যা তো আছেই। তাঁরা বলেন, ওই এলাকা থেকে পরপর দুবার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন আবদুল জলিল। প্রতিবার ভোটের আগে তাঁর কাছে সড়কটি সংস্কারের পাশাপাশি সড়কের পাশে ড্রেন নির্মাণের দাবি জানানো হয়েছে। ভোটের আগে তিনি আশ্বাস দিলেও পরে আর কোনো কাজ করেননি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভোটার বলেন, আবদুল জলিল এবারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন। তাই ভোটারদের বাগে আনতে তিনি সড়কটির উন্নয়নে তাঁর অবদানের কথা প্রচার করছেন।
৪ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রতন সাহা বলেন, ড্রেনসহ সড়কটির ওই অংশের উন্নয়নের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হয় গত মার্চ মাসে। কিন্তু এক বছর হতে চললেও কাজ শুরু করা হয়নি। পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর তড়িঘড়ি করে সেখানে খোঁড়াখুঁড়ি শুরু করা হয়েছে। তিনি বলেন, বর্তমান কাউন্সিলর এই উন্নয়নকাজকে তাঁর নির্বাচনে বিজয়ী হওয়ার হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। যদিও ভোটাররা বুঝেশুনেই তাঁদের সিদ্ধান্ত নেবেন।
যোগাযোগ করা হলে কাউন্সিলর জলিল বলেন, এলাকার উন্নয়নে স্থানীয় প্রতিনিধিদের অবদান তো থাকেই। কিন্তু ভোটারদের বাগে আনতে এই অবদানের কথা প্রচারের অভিযোগ সত্য নয়। ভোটারদের আশ্বাস দেওয়ার পরেও সড়কের উন্নয়ন না হওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার চেষ্টার কোনো ত্রুটি ছিল না। কিন্তু বরাদ্দের অভাবে সম্ভব হয়নি।’
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইমাম বলেন, দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর থেকেই ড্রেনসহ সড়কটির আংশিক উন্নয়নকাজ সম্পন্ন করার জন্য ঠিকাদারকে তাগিদ দেওয়া হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে এসে তিনি কাজ ধরেছেন।