ভোটার বেশি, সুবিধা কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সিটি করপোরেশন নির্বাচন শেষ হয়েছে প্রায় দেড় বছর হলো। এই সময়ে রাজধানীর অনেক স্থানেই লেগেছে উন্নয়নের ছোঁয়া। আবার কোথাও এখনো কোনো কাজই হয়নি। নির্বাচিত কাউন্সিলররাই বা কী করছেন? আবার নতুন করে যেসব এলাকা অন্তর্ভুক্ত হয়েছে, সেসব এলাকায় হাতই দেয়নি দুটি করপোরেশন। এ নিয়ে ভোটারদের মধ্যে আছে নানা ক্ষোভ-আক্ষেপ। এলাকার সমস্যা, সম্ভাবনা, অভাব-অভিযোগ, সুবিধা-অসুবিধা নিয়ে নিয়মিত প্রকাশিত হবে ওয়ার্ডের চালচিত্র

ভোটারসংখ্যার দিক থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ৩৬টি ওয়ার্ডের মধ্যে সবচেয়ে এগিয়ে ৬ নম্বর ওয়ার্ড। অথচ নাগরিক সুবিধার দিক থেকে ঠিক ততটাই যেন পিছিয়ে এই ওয়ার্ডের বাসিন্দারা। ভাঙা সড়ক, মশার উপদ্রব, অবৈধ দখল, মাদকসহ নানান সমস্যায় জর্জরিত ওয়ার্ডটি।
গতকাল রোববার ওয়ার্ড ঘুরে দেখা যায়, বেশির ভাগ সড়কই ভাঙাচোরা। সড়ক ও ফুটপাত দখল করে গড়ে উঠেছে অসংখ্য অবৈধ দোকানপাট। মশার উপদ্রবে অতিষ্ঠ বাসিন্দারা। খালের ওপর ঘরবাড়ি তোলায় পানির প্রবাহ বন্ধ হয়ে তৈরি হচ্ছে জলাবদ্ধতা। আছে গ্যাসের সমস্যা।
প্রায় ১ লাখ ১৬ হাজার ভোটারের এই ওয়ার্ডে ২ লক্ষাধিক লোকের বাস। মিরপুর সেকশন-৬, সেকশন-৭, রূপনগর টিনশেড, দুয়ারিপাড়া, পল্লবী ওয়াপদা কলোনি, আলবদী নিয়ে গঠিত ডিএনসিসির ৬ নম্বর ওয়ার্ড। ওয়ার্ডে একাধিক বস্তি থাকায় নিম্ন আয়ের জনগণের সংখ্যা বেশি।
সিটি করপোরেশন নির্বাচনের দেড় বছরের বেশি সময় পেরিয়ে গেলেও ওয়ার্ডের সড়কের অবস্থার পরিবর্তন হয়নি। বেশি ভাগ সড়ক ভাঙাচোরা। মূল সড়কগুলোর পাশাপাশি এলাকার ভেতরের বিভিন্ন সড়ক এবড়োখেবড়ো ও খানাখন্দে ভরা। সড়ক ভাঙাচোরা হওয়ায় ওয়ার্ডজুড়ে প্রচুর ধুলা।
রূপনগর টিনশেড এলাকায় ১ থেকে ১৬ নম্বর পর্যন্ত সড়ক আছে। প্রতিটি সড়কই চলাচলের অনুপযোগী। টিনশেড এলাকার বাসিন্দা হাবিবুর রহমান বলেন, ‘নির্বাচনের আগে সবাই বড় বড় কথা বলে। দুই বছর হতে চলল, একটা সড়কও ঠিক হলো না।’
দেখা যায়, ৭ নম্বর সেকশনের ৪ নম্বর সড়কের পুরোটা জুড়ে পানি নিষ্কাশনের বিশাল পাইপ রাখা। গর্ত খুঁড়ে পাইপ বসানোর কাজ চলছে। সিটি করপোরেশনের লাগানো নোটিশে দেখা যায়, ৭ নম্বর সেকশনের অ্যাভিনিউ ১ এবং ২, ৩ ও ৪ নম্বর সড়কে ফুটপাত, আরসিসি ড্রেন ও সড়ক উন্নয়নের কাজ চলছে।
মিরপুর ৬ নম্বর সেকশনের ডি-ব্লক মোড়ে ছড়ানো-ছিটানো আবর্জনা। পাশাপাশি কতগুলো ময়লার কনটেইনার। ময়লা সংগ্রহের ১০-১৫টা ভ্যান। ভ্যান থেকে কনটেইনারে ময়লা-আবর্জনা নামানো হচ্ছে। সড়কের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে ময়লার কনটেইনার থাকায় মূল সড়ক সংকুচিত হয়ে গেছে। সংকুচিত সড়কের কারণে এখানে নিয়মিতই লাগে যানজট।
সড়কের ফুটপাত ও রাস্তার কিছু অংশ নিয়ে গড়ে উঠেছে রিকশার একটি অবৈধ গ্যারেজ। ফুটপাত ও রাস্তার ওপরে সারিবদ্ধভাবে রাখা ৫০টির বেশি রিকশা। রিকশার গ্যারেজের দায়িত্বে থাকা এক ব্যক্তি বলেন, এখানে গ্যারেজ অনেক বছর ধরে। ময়লার ভাগাড় থাকায় লোকজন তেমন একটা আসে না।
মিরপুরের রূপনগর সড়কের দুয়ারিপাড়া মোড় থেকে ৬ নম্বর ওয়ার্ড শুরু। সড়কের এই অংশের দক্ষিণ পাশের ফুটপাতে বসেছে চেরাই কাঠের আড়ত, উত্তর পাশের ফুটপাতে কাঁচাবাজার। দুয়ারিপাড়া মোড় থেকে কাঁঠালতলা মোড় পর্যন্ত সড়কের দুপাশে শতাধিক স্থায়ী ও কিছু অস্থায়ী দোকান চোখে পড়ে।
দেখা যায়, সড়কে গড়ে উঠেছে ভ্যান-রিকশা, সাইকেল ও ইলেকট্রনিকস সামগ্রী মেরামতের দোকান। লেপ-তোশক, শুঁটকি মাছ, মৌসুমি পণ্য, ফল, ডিম, ভাজাপোড়া, ছোলা-মুড়ি, চিড়া, চা, রকমারি পণ্য, সবজি, পান-সুপারি ও হালকা খাবার বিক্রির দোকান। কাঠের আড়তে আছে চেরাই কাঠ বিক্রির দোকান।
ওয়ার্ডের অন্তত ১০ জন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, দিন-রাত সারাক্ষণই মশার উৎপাতে তাঁরা অতিষ্ঠ। নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না বলে তাঁরা অভিযোগ করেন। ওয়ার্ডে গ্যাসের সমস্যা থাকায় অধিকাংশ সময় দিনের বেলা রান্না করা
যায় না।
ওয়ার্ডে আছে একাধিক বস্তি। এসব বস্তিকে মাদকের আখড়া বলে অভিযোগ করছেন খোদ স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। চলন্তিকা ঝিলপাড় বস্তি এলাকার একাধিক বাসিন্দা নাম না প্রকাশের শর্তে বলেন, বস্তিতে দিনের বেলায়ও মাদক বিক্রি হয়। তবে চলন্তিকা মোড়ে কাউন্সিলর কার্যালয় হওয়ার পরে মাদক ব্যবসায়ীদের দৌরাত্ম্য কিছুটা কমেছে।
আরামবাগ আবাসিক এলাকার পাশ দিয়ে রূপনগর খাল চলে গেছে। খালটির ওপরে বাঁশ-টিন দিয়ে গড়ে তোলা হয়েছে শতাধিক ঘর। এসব ঘরের কারণে খালের পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। খালে জমেছে প্লাস্টিকের বোতল, গৃহস্থালি ময়লাসহ বারোয়ারি ময়লা।
শতভাগ সফল বলা যাবে না

রজ্জব হোসেন
রজ্জব হোসেন

২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচিত হন রজ্জব হোসেন। তিনি রূপনগর থানা আওয়ামী লীগের সভাপতিও। তিনি গতকাল রোববার ওয়ার্ডের নানান বিষয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেন।
রজ্জব হোসেন বলেন, ওয়ার্ডের সড়কগুলোয় সংস্কারের কাজ শুরু হয়েছে। ইতিমধ্যে বেশ কিছু সড়কে কাজ চলছে। রূপনগর টিনশেড এলাকার ১ থেকে ১৬ নম্বর সড়কের প্রতিটি সড়কের সংস্কারকাজের কার্যাদেশ হয়ে গেছে। ২০১৮ সালের মধ্যে ওয়ার্ডের সবগুলো সড়ক সংস্কার হবে। 
কাউন্সিলর বলেন, রূপনগর খালটি এলাকার বড় সমস্যা। এটি নিয়মিত পরিষ্কার রাখা প্রয়োজন। খালে গড়ে ওঠা ঘরগুলো উচ্ছেদ করে পাড় দিয়ে হাঁটাপথ করে একে হাতিরঝিলের মতো করা যেতে পারে। এ জন্য সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। 
রজ্জব বলেন, এলাকার বস্তিগুলো মাদকের আখড়া। নির্বাচিত হওয়ার পর পুলিশ প্রশাসন ও জনগণের সহায়তায় মাদক ব্যবসায়ীদের অনেকটাই হটানো গেছে। কাউন্সিলর হিসেবে নিজের মূল্যায়নে তিনি বলেন, শতভাগ সফল বলা যাবে না। ২০১৮ সালের মধ্যে সব নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করব।