ভোটার হচ্ছেন বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা
বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা অবশেষে ভোটার হতে যাচ্ছেন। আজ রোববার থেকে তাঁদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার কার্যক্রম শুরু হয়েছে। চলতি মাসের ১৬ জুলাই পর্যন্ত টানা সাত দিন ছিটমহলগুলোতে ভোটার তালিকা তৈরির জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হবে। এ তথ্য জানিয়েছেন পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা দেওয়ান মো. সারোয়ার জাহান।
পঞ্চগড়ের বোদা, দেবীগঞ্জ ও সদর উপজেলার ৩৬টি ছিটমহলে আজ থেকে ভোটার তালিকায় নাম ওঠাতে তথ্য সংগ্রহকারীরা বাড়ি বাড়ি গিয়ে বিলুপ্ত ছিটমহলবাসীদের তথ্য সংগ্রহ শুরু করেছেন। তবে পঞ্চগড়ের ৩৬টি ছিটের মধ্যে ১৯টিতে জনবসতি আছে। এ জন্য তিনটি উপজেলায় ৪১ জন তথ্য সংগ্রহকারী ও ১১ জন তত্ত্বাবধায়ক (সুপারভাইজার) নিয়োগ করা হয়েছে।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, দেবীগঞ্জের বিলুপ্ত ছিটে সম্ভাব্য ভোটার সংখ্যা নয় হাজার, বোদায় দুই হাজার এবং সদরে দেড় হাজার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ গোলাম আজম বলেন, গত বছরের ৩১ জুলাই মধ্যরাতে ভারত-বাংলাদেশের অভ্যন্তরে থাকা ১৬২টি ছিটমহল বিনিময় কার্যকর করে বাংলাদেশে শেখ হাসিনা ও ভারতে নরেন্দ্র মোদির সরকার। তার আগে এসব ছিটমহলে দুই দফায় যৌথভাবে হেড কাউন্টিং (মাথা গণনা) সমীক্ষা পরিচালনা করা হয়। এরপর ভারতের ভেতরে থাকা বাংলাদেশি ৫১টি ছিটমহল ও বাংলাদেশের ভেতরে থাকা ১১১টি ভারতীয় ছিটমহল বিনিময় হয়। এতে বাংলাদেশ পায় ১১১টি এবং ভারত পায় ৫১টি ছিটমহল। এর মধ্যে বাংলাদেশের মানচিত্রে নতুনভাবে যোগ হওয়া ভারতীয় ১১১টি ছিটমহলের মোট ৩৭ হাজার ৫৩৫ জন নাগরিক বাংলাদেশি নাগরিকত্বের জন্য আবেদন জানায়। ছিটমহল বিনিময় কার্যকর হলে চলতি বছরের ১১ এপ্রিল বাংলাদেশ সরকার এক গেজেটের মাধ্যমে তাদের বাংলাদেশি নাগরিকত্ব দেয়। তারই ধারাবাহিকতায় বিলুপ্ত ছিটমহলবাসীর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্তসহ জাতীয় পরিচয়পত্র দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
সদরের বিলুপ্ত ছিটমহল গারাতির সাবেক চেয়ারম্যান মফিজার রহমান বলেন, বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা ভোটার হতে যাচ্ছেন। এর মাধ্যমে তাঁদের দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে।