ভোটার হলে তাকে নাগরিক হিসেবে নিবন্ধন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ গত শুক্রবার বলেছেন, ভোটার তালিকায় নাম থাকা সবাইকে জাতীয় নাগরিকত্ব নিবন্ধনে (এনআরসি) অন্তর্ভুক্ত করার পদক্ষেপ নিতে কেন্দ্রীয় সরকারের কাছে চিঠি লেখা হবে। এ ব্যাপারে রাজ্য সরকার ইতিমধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। খবর দ্য এশিয়ান এজের।
তরুণ গগৈয়ের এই অবস্থান আসামে থাকা কথিত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের এনআরসিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা বলে অভিযোগ করেছে বিভিন্ন সংগঠন। তাদের অভিযোগ, ‘অবৈধ বাংলাদেশি অভিবাসীরা’ নানাভাবে ভোটার তালিকায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করেছে।
রাজ্য সরকারের এমন সিদ্ধান্ত সেখানে ‘অবৈধ অভিবাসীদের’ পক্ষে যাচ্ছে—এ অভিযোগ নাকচ করে দিয়ে মুখ্যমন্ত্রী গগৈ বলেন, ভারতের নির্বাচন কমিশনের করা ভোটার তালিকাকে প্রামাণ্য দলিল হিসেবে বিবেচনা না করলে দেশের অনেক প্রকৃত নাগরিকের নামই এনআরসিতে অন্তর্ভুক্ত হবে না।
মুখ্যমন্ত্রী গগৈ জোর দিয়ে বলেন, এনআরসিতে নাম অন্তর্ভুক্ত করা নিয়ে চা-বাগানের আদিবাসী কর্মী, সংখ্যালঘু বা জাতিগত গোষ্ঠীগুলোর আশঙ্কা প্রকাশের প্রয়োজন নেই। রাজ্য সরকার এনআরসিতে তাদের নাম অন্তর্ভুক্ত করতে সম্ভব সব ধরনের পদক্ষেপ নেবে। তিনি বলেন, ভারতের নির্বাচন কমিশন নিবিড়ভাবে খতিয়ে দেখেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করেছে। ভারতীয় নাগরিকত্ব প্রমাণ করতে না পারায় ওই তালিকা থেকে এক লাখেরও বেশি মানুষের নাম বাদ দেওয়া হয়েছে।