ভোটারদের টাকা দেওয়ায় দুই ব্যক্তির কারাদণ্ড
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে গতকাল শনিবার সন্ধ্যায় ভোটারদের মধ্যে টাকা বিতরণের দায়ে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যক্তিকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন ওই ইউনিয়নের নাছিয়ারপাড়ার নাছির উদ্দিন ও তাবলরচর গ্রামের বকতার আলম।
গতকাল সন্ধ্যা সাতটার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও ম্যাজিস্ট্রেট মো. শাহাব উদ্দিন ও তুষার আহমেদ এই দণ্ড প্রদান করেন।
ম্যাজিস্ট্রেট তুষার আহমেদ জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে এই দুই ব্যক্তি একজন চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোটারদের মধ্যে টাকা বিতরণের সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। দোষ স্বীকার করায় আদালত তাঁদের ২০ দিন করে সাজা দিয়েছেন।
উপজেলার কৈয়ারবিল ইউনিয়নে ১৭ মার্চ স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মনোয়ারুল ইসলাম চৌধুরীকে আচরণবিধি লঙ্ঘনের দায়ে তিন হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন আদালত।