ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ
গাজীপুর সদর উপজেলার একটিসহ কাপাসিয়া ও শ্রীপুর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রকাশ্যে নৌকায় সিল মারতে বাধ্য করার অভিযোগ উঠেছে। শ্রীপুরে একটি কেন্দ্রে আওয়ামী লীগ ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও থানা-পুলিশ সূত্র জানায়, শ্রীপুরের রাজাবাড়ি ইউপির ইজ্জতপুর উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্রে গতকাল শনিবার আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন ও বিদ্রোহী প্রার্থী শাহজাহান সরকারের সমর্থকদের সংঘর্ষ হয়। এ সময় নৌকার সমর্থকেরা ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন।
ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং কর্মকর্তা আহসান উদ্দিন বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কেন্দ্রের ৬ নম্বর ভোটকক্ষে কয়েকজন লোক ঢোকেন। তাঁরা ভোটারদের গোপন কক্ষের পর্দা সরিয়ে প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বলেন। এ সময় আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থকেরা বাধা দিলে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ ঘটে। একপর্যায়ে নৌকার কর্মীরা ব্যালট বাক্স নিয়ে দৌড়ে বাইরে চলে যান। পুলিশ ও আনসারের সদস্যরা ব্যালট বাক্স ফিরিয়ে আনেন। খবর পেয়ে বিজিবি ও অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
ওই কক্ষের সামনে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য আনোয়ার হোসেন বলেন, সংঘর্ষের সময় তিনি ডান হাতে আঘাত পান। এ ছাড়া ফয়সাল কাজী, কাউসার, ফারুক হোসেনসহ কমপক্ষে পাঁচজন আহত হন।
কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আলাউদ্দিন আল আজাদ বলেন, সংঘর্ষের কারণে ৩৫-৪০ মিনিট ভোট নেওয়া বন্ধ ছিল।
ওই ইউপির স্বতন্ত্র প্রার্থী শাহজাহান সরকার বলেন, ‘নৌকা মার্কার প্রার্থীর লোকজন ভোটারদের প্রকাশ্যে নৌকা মার্কায় ভোট দিতে বলে। আমার লোকজন এর প্রতিবাদ করতে গেলে তাদের ধাওয়া দেয় নৌকার লোকজন।’
আওয়ামী লীগের প্রার্থী ফারুক হোসেন বলেন, ‘ওই কেন্দ্রে কারা বিশৃঙ্খলা করেছেন, জানা নেই। আমার সমর্থকদের এ রকম করার কথা না।’
কাপাসিয়ার তিলশুনিয়া দাখিল মাদ্রাসা কেন্দ্র, ভোকায়াদি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও বরুণ উচ্চবিদ্যালয় কেন্দ্রে সরেজমিনে দেখা যায়, নৌকা মার্কার প্রার্থীর কর্মীরা ভোটকেন্দ্রে ঢুকে ভোটারদের প্রকাশ্যে নৌকায় ভোট দিতে বলছেন।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভোটার বলেন, বাইরে থেকে ভোটের পরিবেশ শান্তই মনে হচ্ছে, কিন্তু ভেতরে নৌকার লোকজন ভোটারদের ওপর চাপ সৃষ্টি করছেন।
ভোট বর্জন: শ্রীপুরের মাওনা ইউপির কয়েকটি কেন্দ্রে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের এজেন্টদের বের করে দেওয়া, কর্মী-সমর্থকদের হুমকি ও ভয়ভীতি দেখানো এবং নৌকা মার্কায় প্রকাশ্যে সিল মারতে বাধ্য করার অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেন বিএনপির প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান ফজলুল হক এবং স্বতন্ত্র প্রার্থী মোক্তারুল আলম শামীম। সিংঘারদীঘি, আক্তারপাড়া, চকপাড়া, মাওনা উত্তরপাড়া, সিংদীঘি, সিমলাপাড়াসহ বেশ কয়েকটি কেন্দ্রে এ ঘটনা ঘটে।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার দেলোয়ার হোসেন বলেন, কাপাসিয়ায় ১১টি, শ্রীপুরে ৮টি ও সদর উপজেলার ১টি ইউপিতে সুষ্ঠু পরিবেশে নির্বাচন হয়েছে। কোথাও বিশৃঙ্খলা হয়নি।