ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে সন্ত্রাসীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেছেন, বহিরাগত সন্ত্রাসীরা ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছে। ভোটের আগে চট্টগ্রাম ‘সন্ত্রাসীদের মিলনমেলায়’ পরিণত হয়েছে। আর বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের অভিযোগ, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে।
গতকাল সোমবার নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর মেহেদীবাগের বাসায় আয়োজিত সংবাদ সম্মেলনে দুই নেতা এসব অভিযোগ করেন। বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ মনজুর আলমের প্রধান নির্বাচনী এজেন্টেরও দায়িত্ব পালন করছেন তিনি। তাঁর অভিযোগ, আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী আ জ ম নাছির উদ্দিনের পক্ষে জাল ভোট নেওয়া ও ভোটারদের ভয়ভীতি দেখানো শুরু করেছে বহিরাগত সন্ত্রাসীরা। অথচ নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী ২৫ এপ্রিল রাত ১২টার মধ্যে বহিরাগতদের নগর ছেড়ে যাওয়ার কথা।
আমীর খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, চট্টগ্রাম ক্লাব, চট্টগ্রাম সিনিয়র ক্লাব, পেনিনসুলা হোটেল, ওয়েল পার্ক হোটেলসহ নগরের অনেক হোটেল ও রেস্টহাউসে সরকারি দলের লোকজন মন্ত্রী, সাংসদ, সংসদীয় কমিটির সভাপতিসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় ও জ্যেষ্ঠ নেতারা অবস্থান করছেন। তাঁরা এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের নেতৃত্ব দিচ্ছেন। এ ছাড়া সল্টগোলায় বিজিএমইএর ডরমিটরিতে ফেনী থেকে হাজার হাজার সন্ত্রাসী গত রাত থেকে অবস্থান করছে বলেও দাবি করেন তিনি। ভোটারদের, নির্বাচনী এজেন্টদের, দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের বাড়িতে-বাড়িতে গিয়ে তারা ভয়ভীতি দেখানো শুরু করেছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে আমীর খসরু অভিযোগ করেন, বন্দর এলাকায় ফেনীর নামকরা এক সন্ত্রাসী নেতার নেতৃত্বে এরা কাজ করছে। ওই নেতা সল্টগোলাসহ ৩৮ ও ৩৯ নম্বর ওয়ার্ডের দায়িত্ব পালন করছেন বলে দাবি করেন তিনি। পুলিশ ও র্যা বের সামনে এসব কর্মকাণ্ড চালানো হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব রয়েছে বলে বিএনপির এই নেতা অভিযোগ করেন। এ অবস্থায় সাধারণ ভোটার, নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে জড়িত দলের নেতা-কর্মী কীভাবে দায়িত্ব পালন করবেন, তা নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি।
আমীর খসরু বলেন, ‘আমার অভিজ্ঞতায় এত বিপুলসংখ্যক সন্ত্রাসী একসঙ্গে চট্টগ্রামে জড়ো করতে দেখিনি। চট্টগ্রাম শহর সন্ত্রাসীদের মিলনমেলায় পরিণত হয়েছে। চট্টগ্রামবাসীর চোখের সামনে, পুলিশের, র্যা বের ও নির্বাচন কমিশনের সামনে এ ঘটনাগুলো ঘটছে।’
সংবাদ সম্মেলনে আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের নামে তামাশা করা হচ্ছে। সরকার একটি সার্কাস করার প্রচেষ্টা চালাচ্ছে। তাঁর দাবি, বিএনপি-সমর্থিত প্রার্থী ৮০ থেকে ৮৫ শতাংশ ভোট পাবেন, এ অবস্থা বুঝে প্রতিপক্ষ বহিরাগতদের চট্টগ্রামে নিয়ে এসে তাদের মাধ্যমে জাল ভোট দেওয়ার পাঁয়তারা করছে। এজেন্টদের ভয়ভীতি দেখানো হচ্ছে। ক্যাম্প ভেঙে দেওয়া হচ্ছে। ন্যক্কারজনকভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে বুকসমান পানিতে মনজুর আলম ডুবে আছেন—এমন একটা রঙিন পোস্টার ছেপে পুলিশের সহায়তায় সমগ্র চট্টগ্রামে লাগানো হচ্ছে।
বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, ‘নির্বাচনী মাঠ সমান্তরাল নয়। নির্বাচনী মাঠ উঁচু-নিচু থাকলেও জনগণের শক্তিতে সেটা মোকাবিলা করতে পারবেন বলে তাঁরা আশা করেছিলাম। কিন্তু নির্বাচন কমিশন, প্রশাসন, র্যা ব ও অন্যরা যেখানে পেছনে থেকে সন্ত্রাসীদের সামনে দিয়ে এগিয়ে যাবে, সেখানে আমরা নিরস্ত্র কীভাবে তাদের মোকাবিলা করব? তাদের প্রতিহত করার কোনো সুযোগ তো আমাদের নেই।’
মনজুর আলমের নির্বাচনী কমিটির আহ্বায়ক হিসেবে তাঁকে ও প্রধান নির্বাচনী এজেন্ট আমীর খসরুর বিরুদ্ধে ছাত্রলীগের ‘গণধোলাইয়ের’ কথা উল্লেখ করে আবদুল্লাহ আল নোমান বলেন, ‘প্রার্থীর পক্ষে তাঁর প্রধান নির্বাচনী এজেন্ট যদি কেন্দ্রের এক শ গজের কাছে যেতে না পারেন, তাহলে বুঝে দেখেন কেমন একটা ভয়ংকর পরিস্থিতি তাঁরা সৃষ্টির চেষ্টা চালাচ্ছেন। তাঁরা আতঙ্ক ছড়িয়ে ভোটারদের ভোটকেন্দ্রে না যেতে নিরুৎসাহিত করার চেষ্টা করছেন।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘পুলিশ যেখানে একটি পক্ষ নিয়েছে, সেনাবাহিনী মোতায়েন করা হলে ভোটাররা মানসিক মনোবল পাবেন। সেটাই আমরা চাই।’
এ রকম প্রতিকূল পরিস্থিতিতে বিএনপি নির্বাচনে থাকবে কি না, সংবাদ সম্মেলনে তা জানতে চাইলে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘আমরা শেষ পর্যন্ত নির্বাচন করব। বাংলাদেশের জনগণকে জানতে হবে গণতন্ত্র আছে কি না, ভোটাধিকার আছে কি না। দেশ কি সন্ত্রাসীদের দখলে থাকবে নাকি রাজনীতিবিদেরা সুষ্ঠু রাজনীতি করতে পারবেন? এ দেশের নাগরিকরা তাদের ভোটাধিকার আদৌ ফিরে পাবেন কি না, তা এই নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হবে।’
একই প্রশ্নের জবাবে নোমান বলেন, জনগণ ভোট দিতে না পারলে এবং ভোট ছিনিয়ে নিলে বাংলাদেশে নতুন রাজনৈতিক পরিস্থিতি সৃষ্টি হবে। এটা জনগণের মধ্য থেকেই আসবে এবং জনগণ তাঁর নেতৃত্ব দেবে।
তবে সংবাদ সম্মেলনে পুলিশের বিরুদ্ধে করা বিএনপি নেতাদের অভিযোগ অস্বীকার করেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার আবদুল জলিল মন্ডল। তিনি বলেন, ‘আমরা কারও পক্ষ নিচ্ছি না। পুলিশের কাছে দুই পক্ষই অভিযোগ করে। সব অভিযোগেরই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।’