
সাধারণ ভোটারদের মন জয় করতে সিলেটের তিন পৌরসভার বেশির ভাগ মেয়র প্রার্থীর পছন্দ ‘ঘরোয়া বৈঠক’। মনোনয়নপত্রের সঙ্গে দেওয়া হলফনামার ‘ফরম-ঢ’ অংশে প্রার্থীর নির্বাচনী ব্যয়সহ প্রচারণার কৌশলে তাঁরা এ তথ্য উল্লেখ করেছেন।
গোলাপগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ—এই তিন পৌরসভার মেয়র প্রার্থী মোট ২৩ জন। তাঁদের মধ্যে সাতজনের ‘ফরম-ঢ’ অংশের তথ্য জানা সম্ভব হয়নি। বাকি ১৬ জনের মধ্যে ১৩ জনই ‘ঘরোয়া বৈঠক’ প্রচারণার বড় মাধ্যম হবে বলে হলফনামায় উল্লেখ করেছেন। এ ছাড়া প্রার্থীরা নিজেদের আয়ের পাশাপাশি ‘ধার-কর্জ’ ও ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ হিসেবে পাওয়া টাকায় নির্বাচনী ব্যয় মেটাবেন।
এ বিষয়ে সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘অতীতে প্রার্থীদের ঘরোয়া বৈঠক বা পথসভায় নজর কম থাকত, এবার এটি বেড়েছে। নিঃসন্দেহে এটি ইতিবাচক।’
গোলাপগঞ্জ: সাত প্রার্থীর মধ্যে ঘরোয়া বৈঠক—এ সবচেয়ে বেশি খরচ করবেন জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী মো. সুহেদ আহমদ। তিনি এ খাতে খরচ করবেন ২২ হাজার ৫০০ টাকা। তিনি পথসভায় খরচ করবেন নয় হাজার টাকা। নির্বাচনে তিনি নিজের ৭০ হাজার, তাঁর এক চাচাতো ভাইয়ের কাছ থেকে নেওয়া ৮০ হাজার এবং একজনের ‘স্বেচ্ছাপ্রণোদিত দান’ হিসেবে প্রাপ্ত ৫০ হাজার টাকা খরচ করবেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র জাকারিয়া আহমদ নির্বাচনে ১ লাখ ৭০ হাজার টাকা খরচ করবেন। তিনি ঘরোয়া বৈঠক ও পথসভায় ২২ হাজার টাকা খরচ করবেন।
বিএনপির প্রার্থী গোলাম কিবরিয়া চৌধুরী তাঁর এক লাখ টাকা, আত্মীয়স্বজনের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান ৩০ হাজার টাকা নির্বাচনী ব্যয় মেটাবেন। তাঁর ঘরোয়া বৈঠক ও পথসভায় ১৩ হাজার টাকা খরচ পড়বে।
আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন সিরাজুল জব্বার চৌধুরী। তিনি তাঁর এক লাখ এবং এক আত্মীয়ের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাওয়া ৮০ হাজার টাকা খরচ করবেন। তাঁর পথসভায় খরচ হবে ছয় হাজার টাকা।
আমিনুর রহমান এক লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন। তাঁর ঘরোয়া বৈঠক ও পথসভায় ১০ হাজার টাকা খরচ পড়বে। মো. আমিনুল ইসলাম চাকরির এক লাখ টাকা এবং এক ভাইয়ের ব্যবসার আয় থেকে আরও এক লাখ টাকা খরচ করবেন।
আমিনুল ইসলাম হলফনামার ‘ফরম-ঢ’ নির্বাচন কার্যালয় এখনো সরবরাহ করতে পারেনি।
কানাইঘাট: ১০ প্রার্থীর মধ্যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে গতকাল শনিবার বেলা তিনটা পর্যন্ত চারজনের হলফনামার ‘ফরম-ঢ’ অংশের উল্লেখ রয়েছে। এসব তথ্য ঘেঁটে দেখা গেছে, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান মেয়র লুৎফুর রহমান নিজের এক লাখ ও প্রবাসী ভগ্নিপতির কাছ থেকে দান হিসেবে পাওয়া আরও এক লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন। তাঁর ঘরোয়া বৈঠক ও পথসভায় ৩৩ হাজার টাকা খরচ পড়বে।
স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ ওলিউল্লাহ তাঁর ২০ হাজার এবং ভাইয়ের কাছ থেকে দান হিসেবে পাওয়া আরও ১ লাখ ৬০ হাজার টাকা খরচ করবেন। ঘরোয়া বৈঠক বাবদ তিনি খরচ করবেন সাত হাজার টাকা।
জাসদ প্রার্থী তাজ উদ্দিন দুই লাখ টাকা নির্বাচনে খরচ করবেন। স্বতন্ত্র প্রার্থী মো. সুহেল আমীন দুই লাখ টাকা খরচ করবেন। তাঁর ‘ঘরোয়া বৈঠক’ ও পথসভায় ১৫ হাজার টাকা খরচ হবে।
জকিগঞ্জ: ছয় প্রার্থীর মধ্যে ঘরোয়া বৈঠকে সবচেয়ে বেশি ব্যয় করবেন স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হিফজুর রহমান। তিনি ঘরোয়া বৈঠকে ৩০ হাজার ও পথসভায় এক হাজার টাকা খরচ করবেন। ব্যবসার আয় থেকে তিনি এক লাখ টাকা নির্বাচনে ব্যয় করবেন।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. খলিল উদ্দিন নিজের ৬০ হাজার টাকা ও মুক্তিযোদ্ধা সংসদ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাওয়া আরও ২০ হাজার টাকা খরচ করবেন। তাঁর ঘরোয়া বৈঠক ও পথসভায় ৬ হাজার ৯০০ টাকা খরচ পড়বে।
বিএনপির মনোনীত প্রার্থী মো. বদরুল হক তাঁর ৬০ হাজার ও শাশুড়ির কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাওয়া ৪০ হাজার টাকা খরচ করবেন। তিনি ঘরোয়া বৈঠকে সাত হাজার টাকা খরচ করবেন।
জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী বর্তমান মেয়র মো. আবদুল মালেক নিজের এক লাখ ও স্বেচ্ছাপ্রণোদিত দানে ৬০ হাজার টাকা খরচ করবেন। তাঁর ঘরোয়া বৈঠক ও পথসভায় ১২ হাজার ৬০০ টাকা খরচ পড়বে। আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ হয়ে স্বতন্ত্র নির্বাচনে অংশ নেওয়া ফারুক আহমদ এক লাখ টাকা খরচ করবেন। তাঁর ঘরোয়া বৈঠকে খরচ পড়বে ১৫ হাজার টাকা।
বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. জাফরুল ইসলামের ঘরোয়া বৈঠক ও পথসভায় ২৫ হাজার টাকা খরচ হবে। তিনি নিজের ৩০ হাজার, এক দুলাভাইয়ের কাছ থেকে স্বেচ্ছাপ্রণোদিত দান হিসেবে পাওয়া ২০ হাজার ও মামার কাছ থেকে এক লাখ টাকা ধার করে ব্যয় করবেন।