ভোটারদের লাল গোলাপের শুভেচ্ছা
মনোনয়নপত্র জমা দিয়েই তিনি নেমে পেড়ছেন জনসংযোগে। ঘরে ঘরে গিয়ে কিংবা পথে দেখা পেলে ভোটারদের হাতে একটি করে লাল গোলাপ তুলে দিয়ে শুভেচ্ছা জানিয়ে ভোট চাইছেন তিনি। ফুল পেয়ে হাসি ফুটে উঠছে ভোটারদের চেহারায়। পৌর নির্বাচন উপলক্ষে নীলফামারীর সৈয়দপুর পৌর এলাকায় দেখা গেল এমন চিত্র।
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর সংরক্ষিত আসনের বর্তমান কাউন্সিলর কাজী জাহানারা বেগম গতকাল বৃহস্পতিবার দুপুরে শহরের মুন্সিপাড়া মহল্লার ঘরে ঘরে গিয়ে এভাবেই সবার কাছে ভোট চাইছিলেন। ওই দিনই তিনি মনোনয়নপত্র জমা দেন।
মুন্সিপাড়া মহল্লায় দেখা হয় কাজী জাহানারা বেগমের সঙ্গে। তিনি বলেন, ‘জনগণ আমাকে ভালোবাসেন। তাই তো আগেও তিনবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছি। ভোটারদের অনুপ্রেরণাতেই আবার ভোটে দাঁড়িয়েছি।’
তিনি আরও বলেন, ‘ভোটারদের প্রতিদান দেওয়ার সামর্থ্য আমার নেই। উপহার হিসেবে তাই লাল গোলাপ নিয়ে এসেছি।’
মুন্সিপাড়া এলাকার ভোটার রেহানা খাতুন বলেন, কাজী জাহানারা সব সময় তাঁদের পাশে থাকেন। তিনি চতুর্থবারের মতো ভোট করছেন জেনে তাঁর ভালো লাগছে। এই প্রার্থীর দেওয়া লাল গোলাপ পেয়ে তিনি অভিভূত বলে জানান।