আর দুই দিন পর নরসিংদীর মাধবদী পৌর নির্বাচনের পুনঃ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তবে নির্বাচন নিয়ে বেশির ভাগ ভোটার আতঙ্কে রয়েছেন। তাঁরা ভোট দিতে কেন্দ্রে যাওয়া নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন।
গত ৩০ ডিসেম্বর কেন্দ্র দখল, ব্যালট ছিনতাই, গুলিবর্ষণ ও বোমা ফাটানোরঘটনায় নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন।
নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মো. মোশাররফ হোসেন, বিএনপির প্রার্থী বর্তমান মেয়র মো. ইলিয়াছ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. হারুন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী আবদুল বাতেন শাহীন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
গতকাল শুক্রবার বেলা ১১টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত পৌর এলাকার বিভিন্ন মহল্লা ঘুরে অন্তত ২০ জন ভোটারের সঙ্গে কথা বলে জানা গেছে, গত ৩০ ডিসেম্বর ভোট গ্রহণের দিন এক মেয়র প্রার্থীর লোকজন ও কয়েকজন কাউন্সিলর প্রার্থীর সমর্থকেরা গুলি ও বোমা ফাটিয়ে মাধবদী মহাবিদ্যালয়, ফজলুল করিম মাস্টার কিন্ডারগার্টেন স্কুল, মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কোতোয়ালির চর ইবতেদায়ি মাদ্রাসা, উইজডম প্রিপারেটরি স্কুল ও নূরে আলম ভূঁইয়া কিন্ডারগার্টেন ভোটকেন্দ্র দখল করে নেন। তাঁরা কয়েকটি কেন্দ্রের ব্যালটও ছিনিয়ে বাইরে নিয়ে যান। পরে এই ছয়টি কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তারা ভোট গ্রহণ স্থগিত করেন। বাকি ছয়টি কেন্দ্রেও ব্যাপক অনিয়ম হয়। পরে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা রফিকুল ইসলামের প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুসারে মঙ্গলবার পুনরায় ওই নির্বাচন হবে। কিন্তু আতঙ্কে রয়েছেন ভোটাররা। তাঁদের আশঙ্কা পুনঃ ভোট গ্রহণের দিনেও ৩০ ডিসেম্বরের পুনরাবৃত্তি হতে পারে।
মাধবদী বাসস্ট্যান্ড এলাকার ফলের রস বিক্রেতা নীরব মিয়া বলেন, ‘সবাই কয় সুষ্ঠু হইব। পরে ডিসি-এসপির সামনেই বোমা মারে। কেন্দ্রে মরতাম যামু নাকি?’ নাম প্রকাশে অনিচ্ছুক কাশিপুর এলাকার এক ব্যবসায়ী বলেন, ‘এমন অস্থিতিশীল পরিবেশে কেন্দ্রে যাওয়া হবে না।’
বিএনপির প্রার্থী মো. ইলিয়াছ বলেন, ‘ওই দিন বোমাবাজি কে করেছিল, জনগণ ও গণমাধ্যম তার প্রত্যক্ষ সাক্ষী। দুঃখজনক হলেও সত্য ওই বোমাবাজির জন্য আমার সমর্থক ও নির্বাচনী এজেন্টদের মিথ্যা মামলায় জড়িয়ে আতঙ্ক তৈরি করা হয়েছে। আশা করছি, সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি করে জনগণের রায়কে সম্মান জানাবে।’
আওয়ামী লীগের প্রার্থী মোশাররফ হোসেন বলেন, ‘প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করে নির্বাচন স্থগিত করেছিলেন। এবার আওয়ামী লীগ ও সাধারণ জনগণ ব্যালটের মাধ্যমে এর সুষ্ঠু জবাব দেবে বলে আমি বিশ্বাস করি।’