রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার ভোটাররা মাদকমুক্ত সমাজ চান। যে প্রার্থী মাদকমুক্ত সমাজ গঠনের পাশাপাশি নাগরিকদের উন্নয়নে কাজ করবেন, তাঁকেই পৌর পিতা হিসেবে নির্বাচিত করবেন পৌরবাসী। তবে সুষ্ঠুভাবে ভোট হবে কি না, তা নিয়ে সংশয়ে আছেন অনেকে।
নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই জোরেশোরে প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। ভোটাররাও ব্যস্ত যোগ্য প্রার্থীকে খুঁজে নিতে। পৌরসভার প্রতিটি পাড়া-মহল্লা, চায়ের দোকান থেকে শুরু করে এখন সব জায়গায় আলোচনার মূল বিষয় নির্বাচন।
গোয়ালন্দ পৌরসভা ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। সম্প্রতি একে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়। পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটার ১৪ হাজার ৫৪৮ জন। এর মধ্যে পুরুষ ৭ হাজার ৩৫৬ ও নারী ৭ হাজার ১৯২ জন। পৌরসভা প্রতিষ্ঠার পর দুইবারই স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র নির্বাচিত হন ব্যবসায়ী শেখ মো. নিজাম। এবারও তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিয়ে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাড়া আওয়ামী লীগের প্রার্থী নজরুল ইসলাম মণ্ডল, বিএনপির প্রার্থী আবুল কাসেম মণ্ডল ও জাতীয় পার্টির প্রার্থী হেলাল মাহমুদ মাঠে আছেন।
পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফরহাদ হোসেন (২৬) জানান, যিনি গোয়ালন্দের মানুষের উন্নয়নের কথা চিন্তা করবেন এবং মাদক সমস্যা দূর করতে কাজ করবেন, তাঁকেই মেয়র হিসেবে দেখতে চান। এবারের ভোট ভেবেচিন্তে দেবেন।
৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোসলেম উদ্দিন খান জানান, যে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে থাকবে এবং দুর্নীতি করবে না, তাঁকেই তিনি ভোট দেবেন। তবে শান্তিপূর্ণ ভোট গ্রহণ নিয়ে নানাজনের নানা মত রয়েছে। তিনি সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দেওয়ার আশা করেন।
গোয়ালন্দ বাজারের ব্যবসায়ী ৪ নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনাথ পাল (৫০) বলেন, ‘যিনি চরিত্রবান, লেখাপড়া জানেন, বৈধ পথে উপার্জন করেন ও দেশপ্রেমিক, এমন একজনকে ভোট দেব। আমরা গণতান্ত্রিক উপায়ে ভোটাধিকার প্রয়োগ করতে চাই। আর এ জন্য সরকারের সে পরিবেশ নিশ্চিত করতে হবে।’
৯ নম্বর ওয়ার্ডের ভোটার ও কলেজছাত্র স্বাধীন শেখ (১৮) বলেন, ‘জীবনের প্রথম ভোটটি এমন ব্যক্তিকে দিতে চাই, যিনি যোগ্য ও সৎ। যিনি গোয়ালন্দকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখবেন।’ স্থানীয় আরেক তরুণ ভোটার রুবেল শেখ (২০) বলেন, ‘আমরা শান্তিপূর্ণ ব্যক্তিকে মেয়র পদে দেখতে চাই। যিনি ব্যক্তিগত স্বার্থে কারও ক্ষতি করবেন না।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা পঙ্কজ ঘোষ বলেন, এখন পর্যন্ত পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। এ ছাড়া এখানকার প্রার্থীরা আচরণবিধি মেনে চলতে যথেষ্ট আন্তরিক। আশা রাখি, ভোটের দিনও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করবে। আইনশৃঙ্খলা বাহিনীর সে ধরনের প্রস্তুতি রয়েছে।