আওয়ামী লীগের সম্ভাব্য মেয়র পদপ্রার্থীদের মধ্যে সমঝোতা না হওয়ায় বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার ও জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় ভোটের মাধ্যমে প্রার্থী বাছাই করা হয়েছে।
আদমদীঘি উপজেলা পরিষদ মিলনায়তনে গত শনিবার রাতে উপজেলা এবং সান্তাহার পৌর আওয়ামী লীগ এই ভোটের আয়োজন করে। ৯টি ওয়ার্ডের মোট ১২৯ জন কাউন্সিলর ও প্রতিনিধি ভোট দিয়ে দলীয় প্রার্থী বাছাই করেন।
সান্তাহার পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী তিনজন গণসংযোগ করে আসছিলেন। দলের নেতা-কর্মীদের ধারণা ছিল, নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে দলীয় বৈঠকে একক প্রার্থী বাছাইয়ে সমঝোতা হবে। শনিবার উপজেলা ও পৌর কমিটির যৌথ বর্ধিত সভায় প্রায় তিন ঘণ্টা চেষ্টা করেও ওই তিন প্রার্থীকে সমঝোতায় আনা সম্ভব হয়নি। অবশেষে ভোটের আয়োজন করা হয়।
রাত সাড়ে নয়টার দিকে উপস্থিত ১২৯ জন কাউন্সিলর ভোট দেন। এতে উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক রাশেদুল ইসলাম ৭৫ ভোট পেয়ে দলীয় মেয়র পদপ্রার্থী নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সান্তাহার পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুর বারি ৫৩ ভোট ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পান এক ভোট।
এদিকে জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী মেয়র পদে দলীয় মনোনয়ন পাচ্ছেন।
দলীয় মনোনয়ন পেতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মাহফুজ চৌধুরী ও পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এনায়েতুর রহমান আকন্দ জেলা মনোনয়ন কমিটিতে আবেদন করেন। তাঁদের মধ্যে সমঝোতা না হওয়ায় শনিবার সন্ধ্যায় ভোটাভুটির মাধ্যমে একজন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।