ভোটে আ.লীগের, সভায় বিএনপির প্রার্থী চূড়ান্ত
শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় গতকাল রোববার ভোটের মাধ্যমে পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিককে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী মনোনীত করা হয়েছে। আর গত শনিবার রাতে দলীয় সভায় বর্তমান মেয়র আনোয়ার হোসেনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছে বিএনপি।
ভোটের মাধ্যমে প্রার্থী মনোনয়নের পদ্ধতিকে কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের সঙ্গে সাংঘর্ষিক দাবি করেছেন সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আবদুল হালিম এবং সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক। তাঁরা এ ভোট থেকে সরে দাঁড়ান। তাঁরা পরে আলোচনা করে নিজেদের প্রার্থিতা ঘোষণা করবেন বলে জানিয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রেজাউল করিম বলেন, তিন দিন সভা করেও সমঝোতা না হওয়ায় সবার মতামতের ভিত্তিতে উপজেলা ও পৌর আওয়ামী লীগের ভোটে আবু বক্কর সিদ্দিককে দলীয় প্রার্থী মনোনীত করা হয়েছে। কেউ যদি দলের এ সিদ্ধান্তে একমত না হন, তাহলে করার কিছু নেই।
উপজেলা বিএনপির আহ্বায়ক নুরুল আমিন জানিয়েছেন, গত শনিবার রাতে উপজেলা বিএনপির প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আনোয়ার হোসেনকে চূড়ান্ত করেছে। মেয়র পদে দলের আর কোনো মনোনয়নপ্রার্থী ছিলেন না।
আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার পৌর নির্বাচনের তফসিল ঘোষণা করার পর দল থেকে পাঁচজন প্রার্থী মনোনয়ন চান। প্রার্থী চূড়ান্ত করতে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগ কার্যকরী কমিটির নেতাদের নিয়ে গত শুক্র ও শনিবার কয়েক দফা সভা করেও কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি। গতকাল আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে ভোটের সিদ্ধান্ত হয়। আবদুস সবুর, আবদুল হালিম ও গোলাম ফারুক সরে দাঁড়ান। আবু বক্কর ও মোখলেছুর রহমান ভোটে লড়েন।
সরকার গোলাম ফারুক ও আবদুল হালিম বলেন, প্রার্থী মনোনয়নে কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মানা হয়নি।