ভোটে সেনাবাহিনীর বিচারিক ক্ষমতা দাবি তাবিথের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিটি নির্বাচনে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেওয়ার দাবি জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি-সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল।
গতকাল বুধবার মোহাম্মদপুরের রায়েরবাজার সিটি করপোরেশন মার্কেটে গণসংযোগের সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দাবি জানান তাবিথ আউয়াল।
২৬ এপ্রিলের আগে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘আমরা এখনো আশ্বস্ত হতে পারছি না। সেনাবাহিনী দৃশ্যমান হতে হবে। আর নির্বাচনের সময় অবশ্যই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার (বিচারিক ক্ষমতা) দিতে হবে। যাতে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন।’ তিনি অভিযোগ করেন, প্রার্থীদের নিরাপত্তা নেই। প্রতিদিনই তাঁর সমর্থক নেতা-কর্মীদের আটক করা হচ্ছে। সরকারদলীয় লোকজন হুমকি দিচ্ছে। খালেদা জিয়াকে হত্যার উদ্দেশ্যে তিন-তিনবার হামলা করা হয়েছে। ফের হামলার আশঙ্কা করে খালেদা জিয়ার ও সমর্থকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
গতকাল সকালে মোহাম্মদপুর পুলপাড় জামে মসজিদ এলাকা থেকে ‘বাস’ প্রতীকে ভোট চেয়ে গণসংযোগ শুরু করেন তাবিথ আউয়াল।