ভোটে 'স্বামী-স্ত্রী' কৌশল

উত্তর পাঠানটুলী ও চান্দগাঁও—৪১টি সাধারণ ওয়ার্ডের মধ্যে শুধু এই দুটিতেই কাউন্সিলর পদে সরাসরি ভোটের লড়াইয়ে নেমেছেন দুই নারী। দুজনের স্বামীও ওই দুই ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী। তবে কেউ কারও বিরুদ্ধে লড়তে নয়, ‘কৌশলের’ কারণে তাঁরা প্রার্থী হয়েছেন। শেষ পর্যন্ত স্বামী বা স্ত্রীর মধ্যে একজন সরে দাঁড়াতে পারেন।
সংরক্ষিত আসনের বাইরে প্রতিদ্বন্দ্বিতায় নামা দুই নারী প্রার্থী হচ্ছেন ফাতেমা বাদশা ও মমতাজ বেগম। দুজনই বিএনপি-সমর্থিত। মমতাজ সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ফাতেমার রয়েছে ২৫ বছরের রাজনীতির অভিজ্ঞতা।
২৩ নম্বর উত্তর পাঠানটুলী ওয়ার্ড থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ফাতেমা। তিনি কেন্দ্রীয় মহিলা দলের সহ-যুগ্ম সম্পাদিকা। গত সিটি করপোরেশন নির্বাচনে তিনি ছিলেন একমাত্র নারী প্রার্থী। অবশ্য শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি।
এবার ফাতেমার ওয়ার্ডে তাঁর স্বামী মোহা. বাদশা মিয়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ বিষয়ে ফাতেমা বলেন, ‘আমি ২০ দলের সমর্থন পেয়েছি। আমিই নির্বাচন করব। তবে কোনো কারণে মনোনয়ন বাছাইয়ে যদি বাদ পড়ে যাই, তাহলে আমার স্বামী নির্বাচন করবেন।’
৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড থেকে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন মমতাজ। তাঁর স্বামী মাহবুবুল আলম ওই ওয়ার্ডের কাউন্সিলর। বিএনপি-সমর্থিত মাহবুব নাশকতার মামলায় বর্তমানে কারাগারে আছেন। শেষ পর্যন্ত তিনি নির্বাচন করতে না পারলে তাঁর স্ত্রী লড়াই চালিয়ে যাবেন।
মমতাজ বলেন, ‘সরাসরি রাজনীতির সঙ্গে আমি জড়িত নই। তবে বিয়ের পর থেকে ২৭ বছর ধরে স্বামীর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড দেখে আসছি। আমার স্বামী এলাকায় খুবই জনপ্রিয়। তিনি কারাগারে থাকায় এলাকাবাসীর অনুরোধে আমিও প্রার্থী হয়েছি।’ তিনি আরও বলেন, ‘মিথ্যা মামলায় আমার স্বামী কারাগারে আছেন। আশা করছি, তিনি নির্বাচন করতে পারবেন। তিনি নির্বাচন করতে পারলে আমি সরে দাঁড়াব।’
গৃহবধূ মমতাজ জনপ্রতিনিধি হওয়ার স্বপ্ন আগে কখনো দেখেননি। স্বামীর জনপ্রিয়তাই তাঁর নির্বাচনে নামার অনুপ্রেরণা। সে কারণে ওই ওয়ার্ডে আরও ১২ জন পুরুষ প্রার্থী হলেও তাতে ভীত নন তিনি।
তবে ফাতেমা রাজনীতি করছেন দীর্ঘদিন ধরে। নারীদের জন্য সংরক্ষিত আসনে না দাঁড়িয়ে তিনি নির্বাচন করছেন সাধারণ কাউন্সিলর পদে। তাঁর প্রতিদ্বন্দ্বী এখন পর্যন্ত ছয়জন। ফাতেমা বলেন, ‘নারী ক্ষমতায়নের কথা মুখে নয়, কাজে দেখাতে চাই। সংরক্ষিত আসনে একজন কাউন্সিলর তিনটি ওয়ার্ডের জন্য নির্বাচিত হন। কিন্তু তাঁর সেভাবে কাজ করার সুযোগ থাকে না। আমি ২৫ বছর ধরে রাজনীতি ও মানুষের সেবা করে নিজেকে তৈরি করেছি। সুষ্ঠু নির্বাচন হলে জেতার বিষয়ে আমি শতভাগ আশাবাদী।’
ফাতেমার স্বামী বাদশা মিয়া তাঁর স্ত্রীর বিষয়ে বলেন, ‘একই আদর্শিক রাজনীতির অনুসারী আমরা। তাই একে অপরের বিরুদ্ধে লড়ার প্রশ্নই আসে না। কৌশলগত কারণে স্ত্রীর পাশাপাশি আমি মনোনয়নপত্র নিয়েছি। তাঁর জন্যই সর্বাত্মক কাজ করব। আশা করছি, ফাতেমাই জয়ী হবে।’