ভোটের আগে অন্য রকম ব্যস্ততা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচনের তফসিল ঘোষণার পর প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত জনসংযোগ চালিয়েছেন প্রার্থীরা। ভোটারদের বাড়ি বাড়ি ঢুঁ মারা, নেতা-কর্মীদের সঙ্গে বৈঠক, পথসভা, প্রচারকাজ চালিয়ে অনেক রাতে ক্লান্ত হয়ে বাসায় ফিরেছেন তাঁরা।
তবে ভোটের আগের দিন গতকাল মঙ্গলবার প্রচারণা নিষিদ্ধ থাকায় বগুড়ার শিবগঞ্জ পৌরসভায় প্রার্থীদের ব্যস্ততা ছিল একটু অন্য রকম।
প্রায় এক মাস খাটুনির পর প্রার্থীদের এখন সমাপ্তি পর্বে উতরে যাওয়ার পালা। তাই তাঁরা ‘সাবধানের মার নেই’ ধরনের অবস্থান নিয়েছেন। প্রচার-প্রচারণা না থাকলেও গতকাল মঙ্গলবার তাঁরা ভোট নিয়ে উৎকণ্ঠার মধ্যে দিন পার করেন।
‘শেষ ভালো যার, সব ভালো তার’ কথাটি মাথায় রেখে প্রার্থীরা ভোটের শেষ মুহূর্তের প্রস্তুতি সারেন।
তিন-চারজন প্রার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, ভোটকেন্দ্রে নিজের সমর্থক ভোটারদের উপস্থিতি নিশ্চিত করা, ভোটকেন্দ্রের বাইরে কর্মীদের অবস্থান নিশ্চিত করাসহ বিভিন্ন বিষয়ে তদারকি করেছেন তাঁরা। কাউন্সিলর প্রার্থী মফিজ উদ্দিন বলেন, ‘অনেক খাটাখাটনি করেছি। এখন অপেক্ষা ফলাফলের।’
শিবগঞ্জ পৌরসভায় তৃতীয়বারের মতো নির্বাচন হচ্ছে। এ নির্বাচনে মোট ১৬ হাজার ১৯১ জন ভোট দেবেন।
এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ১৬৭ ও পুরুষ ৮ হাজার ২৪ জন। এ পৌরসভায় মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৬ জন ও সংরক্ষিত ওয়ার্ডের মহিলা কাউন্সিলর পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।