ভোটের আগেই আ.লীগের ৬২ চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৭৩২টি ইউনিয়নের মধ্যে ১১৯টিতে চেয়ারম্যান পদে বিএনপির কোনো প্রার্থী নেই। এর মধ্যে ৬২টিতে ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। নির্বাচন কমিশন ২ মার্চ মনোনয়নপত্র বাছাই শেষে চূড়ান্ত প্রার্থীর যে তালিকা করেছে, তা থেকে এ তথ্য জানা গেছে। ২২ মার্চ ৭৩২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।
কমিশন সচিবালয়ের তথ্য অনুযায়ী, প্রথম ধাপের নির্বাচনে চেয়ারম্যান পদে মোট ৩ হাজার ৩৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এঁদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ১ হাজার ২৪৬ জন। আওয়ামী লীগ ৭৩১টি ইউপিতে প্রার্থী মনোনয়ন দিয়েছে। পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠি ইউপিতে তাদের প্রার্থী নেই। বিএনপি প্রার্থী দিয়েছে ৬১৩টি ইউপিতে। এ ছাড়া জাতীয় পার্টি ১২৭, জাসদ ২৯, ওয়ার্কার্স পার্টি ২৩, জেপি ১৭, বিএনএফ ৭, সিপিবি ৪, বিকল্পধারা বাংলাদেশ ৪, তরিকত ফেডারেশন ১, জমিয়তে উলামায়ে ইসলাম ১, ইসলামী আন্দোলন বাংলাদেশ ২২৭, ন্যাপ ৩টি ইউপিতে প্রার্থী দিয়েছে।
বিএনপির অভিযোগ, প্রথম ধাপে ১১৪টি ইউপিতে তাদের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিতে গিয়ে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের বাধার মুখে পড়েছিলেন।
আওয়ামী লীগের প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হওয়া ৬২টি ইউপি হলো:
খুলনার তেরখাদা, গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার বর্ণী, কুশলী ও পাটগাতি, ঝালকাঠির নলছিটির কুলকাঠি, মোল্লারহাট, নাচনমইল ও সিদ্ধকাঠি।
বাগেরহাটের মংলার সোনাইলতলা, রামপালের মালিকেরবেড় ও পেড়িখালী, চিতলমারীর চরবানিয়ারি, বড়বাড়ীয়া, চিতলমারী, হিজলা, সন্তোষপুর, কলাতলা ও শিবপুর; ফকিরহাটের ফকিরহাট ও মুলঘর, মোল্লাহাটের আটজুরী, চুনখোলা, গাওলা, কোদালিয়া, কুলীয়া ও উদয়পুর; বাগেরহাট সদরের বারইপাড়া, বেমরতা, বিষ্ণুপুর, ডেমা, গোটাপাড়া, যাত্রাপুর, কাড়াপাড়া, খানপুর ও রাখালগাছি; কচুয়ার বাধাল, কচুয়া, ধোপাখালী ও গজালিয়া; মোরেলগঞ্জের চিংড়াখালী, পঞ্চকরণ, তেলিখালী, পাহাড়িয়াকান্দি ও ছয়ফুল্লাকান্দি।
বরগুনা সদরের বুড়িরচর, বরিশালের বানারিপাড়ার উদয়কাঠি, ভোলা সদরের দক্ষিণ দিঘলদী ও চর খলিফা, মাদারীপুরের শিবচরের বন্দরখোলা, উত্তর বহেরাতলা, দক্ষিণ বহেরাতলা, ভান্ডারিকান্দি, দত্তপাড়া, কাদিরপুর, কাঠালবাড়ী, কুতুবপুর, মাদবরের চর, নিলখী, পাঁচর ও শিরুয়াইল। মুন্সিগঞ্জের সিরাজদী খানের জৈনসার ও সাতক্ষীরার কলারোয়ার সোনাবাড়ীয়া।
৫৭টি ইউপিতে অন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী থাকলেও বিএনপির প্রার্থী নেই। এসব ইউপির মধ্যে আছে কক্সবাজারের মহেশখালীর বড় মহেশখালী, কিশোরগঞ্জ সদরের লতিফাবাদ, কুমিল্লার দেবীদ্বারের বড়শালঘর ও বরকামতা।
খুলনার বটিয়াঘাটার সুরখালী, পাইকগাছার গদাইপুর ও লস্কর, দাকোপের লাউডোব, কৈলাসগঞ্জ, কামারখোলা ও তিলডাংগা, তেরখাদার সাচিয়াদহ ও ছাগলাদহ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার ডুমুরিয়া ও গোপালপুর, ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া, ঢাকার দোহারের নয়াবাড়ি, দিনাজপুরের ঘোড়াঘাটের পাশলা, নেত্রকোনার খালিয়াজুরির গাজীপুর, নোয়াখালীর হাতিয়ার চরইশ্বর ও চরকিং। পাবনার বেড়ার রূপপুর ও কৈটোলা, পিরোজপুরের ভান্ডারিয়ার তেলিখালী, পঞ্চগড়ের তেঁতুলিয়ার তিরনইহাট, বাগেরহাটের মংলার চাঁদপাই ও বুড়িরডাংগা, রামপালের গৌরন্বা ও রাজনগর, ফকিরহাটের নলধা-মৌভোগ, কচুয়ার মঘিয়া, রাড়ীপাড়া ও বহরবুনিয়া, মোরেলগঞ্জের দৈবজ্ঞহাটি।
বরগুনা সদরের বদরখালী, বরগুনা, ফুলঝুরি ও কেউড়াবুনিয়া, আমতলীর কুকুয়া, বরিশালের বাবুগঞ্জের দেহেরগতি, বাকেরগঞ্জের পাদ্রিশিবপুর, বরিশাল সদরের শায়েস্তাবাদ, মাদারীপুরের শিবচরের বাঁশকান্দি, লক্ষ্মীপুরের রামগতির চরপোড়াগাছা, সাতক্ষীরার দেবহাটার কুলিয়া, কালীগঞ্জের চাম্পাফুল ও ধলবাড়িয়া, সদরের বৈকারী, শ্যামনগরের আটুলিয়া, ডুরুলিয়া, বুড়িগোয়ালিনী ও কাশীমারী, কলারোয়ার কয়লা, দেয়াড়া, যুগীখালী, কেরালকাতা ও সিলেট সদরের টুকেরবাজার।