ভোটের উত্তাপ ছড়িয়ে পড়েছে পৌরসভার বাইরেও
উপজেলা সদর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে মাঝিহট্ট ইউনিয়নের দামগাড়া গ্রাম। গ্রামের এক পাশে তালতলা যুব উন্নয়ন সংগঠন। সেখানে এক মেয়র প্রার্থীর পোস্টার ঝোলানো রয়েছে। ক্লাবের মধ্যে আলোচনা চলছে, তাঁদের কোনো সদস্যের আত্মীয়ের বাড়ি পৌর এলাকায় আছে কি না। থাকলে তাঁদের প্রতি অনুরোধ, যেন তাঁরা ভোটটি তাঁদের পছন্দের প্রার্থীকে দেন।
গত রোববার সংগঠনের সহসভাপতি মহসীন আলী প্রথম আলোকে বলেন, ‘আমরা পৌরসভার ভোটার না হলেও চেষ্টা করছি, যাতে আমাদের পছন্দের প্রার্থী নির্বাচনে জয়লাভ করতে পারেন। এ জন্য আমরা এখন আমাদের আত্মীয়স্বজনের সঙ্গে ফোনে কথা বলছি। অচিরেই আমরা নিজেরাও পৌর এলাকায় গিয়ে ভোট চাইব।’
ওই সংগঠনের কার্যালয় থেকে বের হয়ে সামান্য দূরে যেতেই দেখা যায়, কিছু যুবক আওয়ামী লীগ ও বিএনপিতে ভাগ হয়ে কে জিতবে মেয়র পদে—তা নিয়ে বিভিন্ন যুক্তিতর্ক করছেন। দুই পক্ষই নিজের সমর্থিত প্রার্থীকে ভোটযুদ্ধে এগিয়ে রাখছেন। এঁদের মধ্যে মোস্তাফিজার রহমান বলেন, ‘ধানের শীষের বিকল্প নেই পৌরসভায়। ভোট সুষ্ঠু হলে কেউ বিএনপির জয় ঠেকাতে পারবে না।’ অপর পক্ষের গোলাম রব্বানী বলেন, ‘এবার পরিবর্তনের জন্য গণজাগরণের সৃষ্টি হয়েছে। মানুষ বুঝে গেছে, উন্নয়ন চাইলে আওয়ামী লীগের বিকল্প নেই। তাই নৌকার বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র।’
শুধু দামগাড়া গ্রাম নয়, বগুড়ার শিবগঞ্জ পৌরসভার নির্বাচনের উত্তাপ ছড়িয়ে পড়েছে গোটা উপজেলায়। বিশেষ করে এবার দলীয়ভাবে নির্বাচন হওয়ায় তা মানুষের বিশেষ দৃষ্টি কেড়েছে। প্রতিদিন উপজেলার বিভিন্ন গ্রাম থেকে অনেক মানুষ ভোট দেখতে পৌর এলাকায় আসছেন।
এ রকম চার-পাঁচজন অন্য এলাকার মানুষের সঙ্গে কথা বলে জানা যায় ভিন্ন ভিন্ন গুরুত্বের কথা। উপজেলার লক্ষ্মীকোলা গ্রামের আরমান হোসেন (৪৫) বলেন, ‘অনেক দিন পর এ এলাকায় নৌকা ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন হচ্ছে। আর বেশির ভাগ মানুষই কোনো না কোনো দলের সঙ্গে জড়িত। তাই দলীয়ভাবে নির্বাচন হওয়াতে বাইরের মানুষের এত আগ্রহ।’ পূর্ব জাঙ্গীরাবাদ গ্রামের রাশেদ রহমান (৩৮) বলেন, পৌরসভা এ উপজেলার প্রাণকেন্দ্র। তাই এখানে নির্বাচন হওয়ায় গোটা উপজেলার মানুষের দৃষ্টি রয়েছে এদিকে। কুড়হার গ্রামের হাসান মাহমুদ (৪০) বলেন, ‘আমি যে দল করি, সে দলের প্রার্থীকে ভোট পাইয়ে দিতে এক আত্মীয়ের বাড়িতে প্রচারণায় এসেছি।’
উপজেলার দেউলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জাহেদুল ইসলাম বলেন, ‘এ নির্বাচনের পরই ইউপি নির্বাচন। তাই এ নির্বাচনের গতিপ্রকৃতিই বলে দেবে, আসছে নির্বাচন কেমন হবে। এ কারণে যাঁরা ওই নির্বাচনে প্রার্থী হতে চান, তাঁরা এ নির্বাচনের প্রতি যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন।’