ভোটের এক দিন আগে সরে দাঁড়ালেন আ.লীগের প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার হুমকি ও সুষ্ঠু পরিবেশ না থাকার অভিযোগ এনে চট্টগ্রামের রাউজানের কদলপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী মো. মোজাহিদ উদ্দীন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতির মাধ্যমে তিনি এ ঘোষণা দেন। কাল শনিবার চতুর্থ ধাপে রাউজানের ১৪টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। মোজাহিদ উদ্দীন চৌধুরী কদলপুর ইউপির বর্তমান চেয়ারম্যান।
রাউজানের ১৪টি ইউপির মধ্যে ১১টিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
বিবৃতিতে মোজাহিদ উদ্দীন চৌধুরী অভিযোগ করেছেন, একজন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীর অনুগত সন্ত্রাসীরা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। প্রাণের ভয়ে অনেকে এলাকা ছেড়ে গেছেন। তাঁকে এবং তাঁর চাচা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসলিম উদ্দিন খানকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেওয়া হচ্ছে। স্থানীয় প্রশাসনের ভূমিকায় রাউজানের মানুষ প্রতিটি মুহূর্তে আতঙ্কের মধ্যে রয়েছে।
৩ মে চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন মোজাহিদ উদ্দীন চৌধুরী। তখন তিনি তাঁর প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তসলিম উদ্দিন চৌধুরীর বিরুদ্ধে সন্ত্রাসে জড়িত থাকার অভিযোগ করেন। তাঁকে স্থানীয় সাংসদের সমর্থনপুষ্ট বলেও মন্তব্য করেছিলেন তিনি।
গতকাল পাঠানো বিবৃতিতে বলা হয়, সংবাদ সম্মেলনের পর সন্ত্রাস ও নির্যাতনের মাত্রা এলাকায় আরও কয়েক গুণ বেড়ে গেছে। বর্তমানে কদলপুরে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো পরিবেশ নেই। আওয়ামী লীগের জেলা শাখার নেতাদের পাশাপাশি প্রশাসনকে এসব বিষয় জানানোর পর কার্যকর ব্যবস্থা না নেওয়ায় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সাধারণ মানুষের জানমাল রক্ষার স্বার্থে তিনি ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
বিবৃতির বিষয়ে মোজাহিদ উদ্দীন চৌধুরীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বিলুপ্ত রাজনৈতিক দল এনডিপির নেতা ছিলেন। তাঁকে রাউজানের বিশেষ এক ব্যক্তি সমর্থন দিচ্ছেন। এ কারণে স্থানীয় প্রশাসন ওই এনডিপি নেতাকে জেতানোর জন্য আওয়ামী লীগের নেতা-কর্মীদের ওপর হামলার ব্যাপারে কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না।’
তবে এ বিষয়ে তসলিম উদ্দিন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘আমি এনডিপি ক্যাডার ছিলাম—এই তথ্য প্রমাণ করতে পারলে চেয়ারম্যান নির্বাচন করব না। আমার কোনো দাগি সন্ত্রাসী নেই, বরং তিনি (মোজাহিদ) এলাকায় দাগি সন্ত্রাসী লালন করে আসছেন। ছাত্রজীবনে আমি উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলাম। বরং তিনি (মোজাহিদ) গণজোয়ারে ভীত হয়ে আমাকে এনডিপি ক্যাডার বানিয়েছেন।’
তসলিম উদ্দিন বলেন, কদলপুর ইউনিয়নে সাইফুল হক চৌধুরী নামে চেয়ারম্যান পদে আরও একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে গত ৩০ এপ্রিল সাইফুল নির্বাচন থেকে সরে গিয়ে তাঁকে সমর্থন দেওয়ার ঘোষণা দেন।