ভোটের এক দিন আগে সরে দাঁড়ালেন চার চেয়ারম্যান প্রার্থী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়ন পরিষদের (ইউপি) চার চেয়ারম্যান পদপ্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার তাঁরা এ সিদ্ধান্তের কথা জানান। কাল শনিবার এ ইউপিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো ব্যক্তিরা হলেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মোস্তফা কামাল সিদ্দিকী, বিএনপির প্রার্থী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহমুদ হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য সৈয়দ আখতারুজ্জামান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জব্বার মোল্লা। চার প্রার্থী সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় এখন একমাত্র প্রার্থী আওয়ামী লীগের মো. আলী মিয়া। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক।
মোস্তফা কামাল সিদ্দিকী গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের পরিবেশ নেই। আমার কর্মী-সমর্থকদের ওপর আওয়ামী লীগের প্রার্থীর কর্মী-সমর্থকেরা হামলা করছেন। তাঁদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আর পারছি না। তাই এলাকার মানুষের জানমালের ক্ষতি এড়াতে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বাধ্য হয়েছি।’
বিএনপির বিদ্রোহী প্রার্থী সৈয়দ আখতারুজ্জামান বলেন, ‘এখন অফিশিয়ালি (আনুষ্ঠানিকভাবে) প্রার্থিতা প্রত্যাহারের সুযোগ নেই। তাই অফিস ও সরকারি কর্মকর্তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানিয়ে দিয়েছি। সরে দাঁড়ানো ছাড়া কোনো উপায় নেই।’
বিএনপির প্রার্থী মো. মাহমুদ হোসেন বলেন, ‘সরে দাঁড়ানো ছাড়া আর উপায় নেই। পরিস্থিতি ভয়ানক খারাপ। আমার ভোটাররা কেন ভোটকেন্দ্রে যাবেন? গেলেও তাঁদের দেখিয়ে নৌকায় ভোট দিতে হবে। নহাটায় এখন দু-তিন শ পুলিশ অবস্থান করছে। ভোটের সব দায়িত্ব পুলিশের।’ জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী বলেন, ‘দু-একজন প্রার্থীর নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা শুনেছি। অফিশিয়ালি এখন সরে দাঁড়ানোর সুযোগ নেই। নিয়মানুযায়ী নির্বাচন হবে।’