ভোট গ্রহণের মাত্র ছয় দিন আগে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। গত সোমবার রাতে দুপচাঁচিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে নির্বাচন স্থগিতের নির্দেশ আসে নির্বাচন কমিশন থেকে। ভোট গ্রহণের ছয় দিন আগে হঠাৎ করে নির্বাচন বন্ধ করে দেওয়ায় প্রার্থীরা ক্ষুব্ধ হয়েছেন।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, নির্বাচন কমিশন সচিবালয় ঢাকার সহকারী সচিব মো. রাজীব আহসান স্বাক্ষরিত চিঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) সংশোধন আইন ২০১৫-এর গেজেট অনুযায়ী এ নির্বাচন স্থগিত করার কথা বলা হয়েছে। তালোড়া ইউপির নির্বাচনের জন্য কমিশন গত ১৫ নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল মোতাবেক ২৩ নভেম্বর মনোনয়ন দাখিলের শেষ তারিখ ছিল। ২১ ডিসেম্বর নির্বাচন হওয়ার তারিখ ছিল। নির্বাচনে চেয়ারম্যান পদে দুজন, সংরক্ষিত নারী সদস্য পদে নয়জন এবং সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তফসিল ঘোষণার পর নির্বাচন বন্ধ হওয়ায় চেয়ারম্যান প্রার্থী মেহেরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণার পর দলীয় প্রতীকের আইন হওয়ায় এ নির্বাচন বন্ধ করা মোটেও ঠিক করেনি নির্বাচন কমিশন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা সুদীপ কুমার রায় বলেন, ‘কমিশনের সিদ্ধান্তের বাইরে আমার বলার কিছু নেই।’