ভোটের দিন সাংবাদিকদের কাজে বাধা দেওয়া হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ৩০টি কেন্দ্রে ভোট গ্রহণের দিন সাংবাদিক হয়রানি বা তাঁদের কাজে বাধা দেওয়ার কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন সংশ্লিষ্ট রিটার্নিং ও পুলিশ কর্মকর্তারা। তাঁরা বলেছেন, নির্বাচনের পরিবেশ ছিল শান্তিপূর্ণ।
রাজধানীর সেগুনবাগিচায় ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তদন্ত কমিটির সামনে গতকাল বুধবার ঢাকার আটটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ১২ জন উপপরিদর্শক এ বক্তব্য দেন। এর আগে ১৭ মে তদন্ত কমিটি ভোট গ্রহণের দায়িত্বে থাকা প্রিসাইডিং কর্মকর্তাদের বক্তব্য নেন। নির্বাচনে দিন সাংবাদিক নির্যাতন ও হয়রানির অভিযোগ তদন্তে কমিটি ওই শুনানি গ্রহণ করছে।
গতকালের শুনানি শেষে তদন্ত কমিটির আহ্বায়ক অতিরিক্ত বিভাগীয় কমিশনার আনিছুর রহমান প্রথম আলোকে বলেন, শুনানি চলছে। ২৪ মে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এবং ২৮ মে সাংবাদিকদের বক্তব্য গ্রহণ করা হবে। এরপর তদন্ত প্রতিবেদন নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে। এর আগে তদন্তের স্বার্থে কিছু বলা যাবে না।
শুনানিতে ওয়ারী, পল্টন, শাহ আলী, শাহাজানপুর, যাত্রাবাড়ী, বনানী, সবুজবাগ ও লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপপরিদর্শকদের বক্তব্য নেওয়া হয়। শুনানি শেষে শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সেলিমুজ্জামান প্রথম আলোকে বলেন, যা বলার তা তদন্ত কমিটির কাছে বলেছি। আপনারা তাদের কাছ থেকে জেনে নেবেন।
তবে শুনানিতে উপস্থিত একাধিক পুলিশ কর্মকর্তা জানান, ২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন সাংবাদিক নির্যাতন এবং তাঁদের কাজে বাধা দেওয়ার ঘটনা ঘটলেও তদন্ত কমিটির কাছে তাঁরা তা বলতে পারেননি। কারণ, বেশির ভাগ পুলিশ কর্মকর্তা বলেছেন, নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। তাঁরা বলেছেন, সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে সাংবাদিকেরাই তাঁদের ফোন করে জানাতেন। সাংবাদিকদের অনেকের কাছেই তাঁদের ফোন নম্বর আছে। কিন্তু নির্যাতন বা কাজে বাধা দেওয়ার অভিযোগ করে কোনো সাংবাদিক তাঁদের ফোন করেননি।
বৈঠক সূত্র জানায়, দৈনিক ইত্তেফাক-এ প্রকাশিত সাংবাদিক নির্যাতনের একটি ছবি সম্পর্কে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, ছবিটি ঢাকার সিটি করপোরেশন নির্বাচনের নয়। ভারতীয় পত্রিকা থেকে নিয়ে ছাপানো হয়েছে।
এর আগে ১৭ মে প্রিসাইডিং কর্মকর্তারা লিখিত ও মৌখিকভাবে তদন্ত কমিটিকে বলেছেন, কোনো কোনো কেন্দ্রে একাধিক সাংবাদিক একসঙ্গে ঢুকেছেন। কয়েক মিনিট থেকে বের হয়ে গেছেন। পুলিশ বা অন্য কেউ সাংবাদিকদের কাজে বাধা দেওয়ার ঘটনা তাঁদের চোখে পড়েনি। ভোটকেন্দ্রের পরিস্থিতি ছিল স্বাভাবিক।
২৮ এপ্রিল ভোট গ্রহণের দিন হযরত শাহ আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজের দুটি কেন্দ্র, কড়াইল টিঅ্যান্ডটি কলোনি মাদ্রাসার ছয়টি কেন্দ্র, বাসাবো উচ্চবিদ্যালয়ের চারটি কেন্দ্র, শাহজাহানপুর রেলওয়ে কলোনির মাহবুব আলী ইনস্টিটিউট কেন্দ্র, ঢাকা বধির উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্র, সেগুনবাগিচা উচ্চবিদ্যালয়ের তিনটি কেন্দ্র, লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজের চারটি কেন্দ্র, সেন্ট্রাল উইমেন্স কলেজের দুটি কেন্দ্র, সিলভারডেল প্রিপারেটরি অ্যান্ড গার্লস উচ্চবিদ্যালয়ের দুটি কেন্দ্র, দক্ষিণ মুহসেন্দি বালিকা উচ্চবিদ্যালয়ের তিনটি কেন্দ্র ও শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণে অনিয়ম হয় বলে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব কেন্দ্রে পুলিশ ও সরকারি দল-সমর্থিত প্রার্থীদের সমর্থকেরা সাংবাদিকদের নাজেহাল ও তাঁদের ভয়ভীতি দেখিয়ে কেন্দ্র ছাড়তে বাধ্য করেন।
অভিযোগ তদন্তের জন্য নির্বাচন কমিশন ঢাকার অতিরিক্ত বিভাগীয় কমিশনারকে আহ্বায়ক, ঢাকার মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার মীর রেজাউল আলমকে সদস্য এবং কমিশন সচিবালয়ের উপসচিব আবদুল অদুদকে সদস্যসচিব করে তদন্ত কমিটি করে।