ভোটের দিনের পরিবেশ নিয়ে সংশয়ে ভোটাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকায় ফেনী-নোয়াখালী মহাসড়কের পাশের একটি চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন রিকশাচালক জসিম উদ্দিন, কৃষিশ্রমিক দিদারসহ আরও কয়েকজন। শীতের সকালে তাঁদের আড্ডার প্রাধান্য পাচ্ছিল পৌরসভা নির্বাচন। এ সময় তাঁদের সঙ্গে কথা হয় প্রথম আলোর।
শুধু জসিম ও দিদার নন। গতকাল সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চৌমুহনী পৌরসভার বিভিন্ন শ্রেণি-পেশার ২০ জনের বেশি ভোটারের সঙ্গে কথা হয় প্রথম আলোর, যাঁদের বেশির ভাগই এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট। তবে শেষ পর্যন্ত এই পরিবেশ থাকবে কি না, তা নিয়ে সংশয় আছে তাঁদের। সবার আশা, নির্বাচন হবে সুষ্ঠু। এ নির্বাচনে তাঁরা যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করবেন।
হাজীপুর এলাকার রিকশাচালক জসিম উদ্দিন বলেন, ‘এখন আমাদের কত কদর। দিন নেই রাত নেই, প্রার্থী কিংবা তাঁর লোকজন বাড়িতে এসে হাজির হচ্ছেন। ভালো ভালো কথা বলছেন প্রার্থীরা। নির্বাচনের দিন পর্যন্ত তাঁরা যদি এমন ভালো আচরণ করেন, তাহলে ভোটকেন্দ্রে যেতে কেউ আর ভয় পাবেন না।’
জসিম উদ্দিনের মুখের কথা টেনে নিয়ে মো. ইসমাইল বললেন, গত একাধিক নির্বাচনে তিনি ভোটকেন্দ্রে গিয়েও ভোট দিতে পারেননি। কেন্দ্রের কাছে গিয়ে জানতে পারেন কেন্দ্র দখলের কথা। ‘এবারও আগের মতো হয় কি না, কে জানে?’ বললেন ইসমাইল।
পৌরসভার উত্তর নাজিরপুর এলাকার বাসিন্দা বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী জাহাঙ্গীর আলম বলেন, এবার এখন পর্যন্ত নির্বাচনের পরিবেশ বেশ ভালো। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে প্রচারণা চালাচ্ছেন। তিনি বলেন, গত পৌর নির্বাচনে তাঁদের এলাকার একটি কেন্দ্র দখলের চেষ্টা হয়েছিল। এ কারণে ভোট দিতে পারেননি অনেক ভোটার। এবারও একই শঙ্কায় আছেন।
চৌমুহনী বাজারের করিমপুর রোডের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, জমজমাট প্রচারণা চলছে। ভোটাররাও ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। কিন্তু সবার চাওয়া একটাই, ভোট দেওয়ার সুষ্ঠু পরিবেশ।
ভোটারদের শঙ্কার বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার মনে হয় এ পর্যন্ত আমরা যা কিছু করেছি, তাতে ভোটারদের আস্থা অর্জন করতে পেরেছি। বাকি দিনগুলোতে সামান্যতম ঝামেলা হওয়ারও কোনো সুযোগ নেই। যাঁরা ঝামেলা করবেন, তাঁরা বিপদে পড়বেন। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।’