ভোটের পর কেউ প্রতিশ্রুতি রাখে না
অনন্ত-বাদালশো আর খালকুলা গ্রাম দুটি ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত। গ্রাম দুটিতে প্রায় চার হাজার মানুষের বাস। ভোটার রয়েছেন ১ হাজার ৩০০। পৌরসভা যাত্রা শুরুর দুই যুগ পরও গ্রাম দুটির মানুষ পৌর নাগরিক হিসেবে তেমন কোনো সুবিধা পায়নি। গ্রামে নেই পাকা রাস্তা, নেই বিদ্যুৎ। কিছু জায়গায় খোয়া বিছানো রাস্তা থাকলেও তা এতটাই ভাঙাচোরা যে চলাচল করা কঠিন।
বেশ কয়েকজন ভোটার বলেন, ভোটের সময় প্রার্থীরা প্রতিশ্রুতি দেন—রাস্তা করে দেবেন, গ্রামে বিদ্যুৎ আসবে। আলোয় ঝলমল করবে তাঁদের গ্রাম। কিন্তু ভোটের পরে কেউ প্রতিশ্রুতি রক্ষা করেন না। এবারও ভোট এসেছে, প্রার্থীরা ভোট চাইতে আসছেন। বলে যাচ্ছেন, এবার পাস করলে রাস্তা আর বিদ্যুৎ উভয় সমস্যার সমাধান করবেন।
গত সোমবার গ্রাম দুটিতে গিয়ে জানা যায়, সেখানকার মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা ভোট নিয়ে মাথা ঘামাতে চায় না। অনন্ত-বাদালশো গ্রামের বিশ্বজিৎ পোদ্দার বলেন, ১৯৯২ সালে তাঁদের গ্রামটি পৌরসভার অন্তর্ভুক্ত হয়। তখন আশা করেছিলেন গ্রামের উন্নয়ন হবে, রাস্তাগুলো পাকা হবে। মানুষ বিদ্যুৎ পাবে, রাতে রাস্তার মোড়ে মোড়ে আলো জ্বলবে। কিন্তু আউশিয়া গ্রামের মোড় পার হলেই তাঁরা পৌর এলাকায় আছেন এটা আর বোঝার উপায় থাকে না। মোড় পেরোতেই ভাঙাচোরা রাস্তা শুরু। তিনি বলেন, গ্রামে বিদ্যুৎ না থাকায় তাঁদের ছেলেমেয়েদের পড়ালেখার মারাত্মক ক্ষতি হচ্ছে, টেলিভিশন চালানো যায় না।
এ ব্যাপারে সাবেক মেয়র ও বিএনপির মনোনীত মেয়র পদপ্রার্থী মো. খলিলুর রহমান বলেন, তাঁর আমলে পৌর এলাকার অনেক গ্রামে বিদ্যুতের ব্যবস্থা হয়েছে। তবে সব এলাকায় সংযোগ দেওয়া শেষ হয়নি।
বর্তমান মেয়র ও আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী কাজী আশরাফুল আজম বলেন, ইতিমধ্যে গ্রাম দুটিতে জরিপ করা হয়েছে। আশা করছেন অল্প দিনের মধ্যে গ্রাম দুটির মানুষ বিদ্যুৎ পাবে। ওই দুটি গ্রামসহ পৌর এলাকার বিভিন্ন রাস্তা পাকা করা হচ্ছে এবং এই কাজ চলমান থাকবে।