নোয়াখালীর হাতিয়া উপজেলায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রায় প্রতিদিনই কোথাও না কোথাও পাল্টাপাল্টি ধাওয়া, হামলা ও সংঘর্ষ হচ্ছে। আওয়ামী লীগের চেয়ারম্যান পদপ্রার্থী ও দলের বিদ্রোহী প্রার্থীর নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ হচ্ছে। জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন এই উপজেলায় ভোটের সুষ্ঠু পরিবেশ নিয়ে শঙ্কায় রয়েছেন সাধারণ ভোটাররা।
হাতিয়ার ১০টি ইউনিয়নের মধ্যে নির্বাচন হচ্ছে ৭টিতে। এর মধ্যে ৬টিতেই আওয়ামী লীগের ‘বিদ্রোহী’ প্রার্থী রয়েছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘বিদ্রোহী’ প্রার্থীরা সবাই হাতিয়ার সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী। আবার দল মনোনীত প্রার্থীদের ছয়জনই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ালী উল্লাহর অনুসারী। এর মধ্যে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহিউদ্দিন নিজেই চরকিং ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সূত্র জানায়, ‘বিদ্রোহী’ প্রার্থীরা সবাই প্রতীক নিয়েছেন ‘আনারস’। তাঁরা হাতিয়ার বর্তমান সাংসদ আয়েশা ফেরদৌসের স্বামী সাবেক সাংসদ মোহাম্মদ আলীর অনুসারী হওয়ায় নির্বাচনী মাঠে তাঁরা বেশ সক্রিয়। দুই সপ্তাহ ধরে প্রতিদিনই সাত ইউনিয়নের কোথাও না কোথাও সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ২০০ জন আহত হয়েছেন।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিনের দাবি, তৃণমূলের মতামতের ভিত্তিতে দলের প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। অথচ সাবেক সাংসদ মোহাম্মদ আলী নৌকার বিরুদ্ধে ‘বিদ্রোহী’ প্রার্থী দাঁড় করিয়েছেন। নির্বাচনী ফল তাঁর পক্ষে নিতে নানা তৎপরতা চালিয়ে যাচ্ছেন। তাঁর অভিযোগ, অস্ত্রধারী ডাকাত বাহিনীর সদস্যদের দিয়ে বিভিন্ন স্থানে নৌকার প্রার্থী ও সমর্থকদের নানা হুমকি-ধমকি দেওয়া হচ্ছে। এতে এলাকায় ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে।
তবে মহিউদ্দিনের এ অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন মোহাম্মদ আলী। প্রথম আলোকে তিনি বলেন, ইউপি নির্বাচনে হাতিয়ায় যাঁরা এবার নৌকার প্রতীক পেয়েছেন, তাঁরা কেউই জাতীয় নির্বাচনে নৌকার পক্ষে ছিলেন না। তা ছাড়া তৃণমূলের কোনো নেতার কাছে থেকে দলীয় মনোনয়নের বিষয়ে কোনো মতামত কিংবা ভোট নেওয়া হয়নি। এ কারণে বিভিন্ন ইউনিয়নের ত্যাগী নেতাদের সাধারণ নেতা-কর্মীরা নির্বাচনে প্রার্থী হতে বাধ্য করেছেন।
মোহাম্মদ আলী দাবি করেন, প্রতিটি ইউনিয়নে ‘বিদ্রোহী’ প্রার্থীর জনপ্রিয়তা দেখে বিভিন্ন জেলা থেকে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসীদের এনে হাতিয়ায় জড়ো করা হচ্ছে। সর্বশেষ গত শুক্রবার ওই সন্ত্রাসীদের ছোড়া গুলিতে বিদ্রোহী প্রার্থীর আট সমর্থক গুলিবিদ্ধ হয়েছেন। এসব কারণে হাতিয়ার সাধারণ জনগণ আতঙ্কিত।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মো. মঈন উদ্দিন বলেন, প্রচার-প্রচারণা বন্ধের আগেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হাতিয়ায় এসে পৌঁছাবেন। বহিরাগত সন্ত্রাসীদের বিষয়ে যেসব কথা শোনা যাচ্ছে, সে বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে। শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে প্রশাসনিকভাবে সব ব্যবস্থাই নেওয়া হবে।
এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো. ইলিয়াছ শরীফ প্রথম আলোকে বলেন, প্রশাসনের পাশাপাশি নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার দায়িত্ব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। তাঁরা যদি সহিংসতায় লিপ্ত না হন, তাহলে পরিস্থিতি অশান্ত হওয়ার কোনো কারণ নেই। তিনি বলেন, সহিংসতা এখন ততটা নেই। প্রশাসনের পক্ষ থেকে নিরপেক্ষভাবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে গতকাল শনিবার হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের সাগরিয়া এলাকা থেকে অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। বেবিট্যাক্সিযোগে ওই যুবকদের থানায় আনার পথে পৌর শহরের এমপির পোল এলাকায় সন্ত্রাসীরা পুলিশের কাছে থেকে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ গুলি ছোড়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেয় এবং আসামিদের থানায় নিয়ে আসে।