ভোটের মাঠে প্রাণ রানীশংকৈলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌরসভার নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি। এর ফলে পৌরসভাটিতে নির্বাচন অনুষ্ঠানের আর কোনো বাধা রইল না। গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে চেম্বার বিচারপতি মোহাম্মদ ইমান আলী এই আদেশ দেন। বাধা কেটে যাওয়ায় রানীশংকৈল পৌরসভার প্রার্থী-ভোটারদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য।
রানীশংকৈল পৌরসভা সূত্রে জানা গেছে, ২০০৪ সালে পৌরসভা গঠনের পর এই পৌরসভার আয়তন ছিল ৫ দশমিক ১২ বর্গকিলোমিটার। ২০১৪ সালে তা বেড়ে ৫ দশমিক ৪৩ বর্গকিলোমিটার করা হয়। এর মধ্যে নতুন ৩৮৪টি হোল্ডিং যোগ হয়। এসব হোল্ডিংয়ের বাসিন্দারা পৌরকরসহ সবকিছু পরিশোধ করলেও তাঁদের ভোটার তালিকায় যুক্ত করা হয়নি। এতে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শরীফুল ইসলাম নির্বাচনের তফসিল ঘোষণার বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন। এর ভিত্তিতে হাইকোর্ট বেঞ্চ রানীশংকৈল পৌরসভা নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করেন। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ চেম্বার বিচারপতির কাছে আবেদন করে। শুনানি শেষে গতকাল হাইকোর্টের আদেশ স্থগিত করেন চেম্বার বিচারপতি।
১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী জিয়াউর রহমান বলেন, ‘নির্বাচন স্থগিত হয়ে গেলে আবার নতুন করে মাঠ সাজাতে হতো। এটা কেটে গেছে। তাই সবাই আবার আগ্রহ নিয়ে মাঠে নেমে পড়েছি।’
নির্বাচনের বাধা কেটে যাওয়ার কথা শুনেই আওয়ামী লীগ-মনোনীত মেয়র প্রার্থী আলমগীর সরকার নেমে পড়েন গণসংযোগে। সে সময় তিনি বলেন, ‘নির্বাচন বহালের কথা শুনেছি। সবকিছু গুছিয়ে নেওয়ার পর নির্বাচন স্থগিতের খবরে কষ্ট পেয়েছিলাম।’
রানীশংকৈল পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও খন্দকার মো. নাহিদ হাসান বলেন, তিনি হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত হওয়ার খবর জেনেছেন। কিন্তু দাপ্তরিকভাবে কোনো চিঠি পাননি।