গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১৫টি ইউনিয়নে গতকাল নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটকেন্দ্রগুলোর বাইরে আওয়ামী লীগের প্রার্থীদের আসা-যাওয়া ছিল চোখের পড়ার মতো। প্রতিপক্ষের চেয়ারম্যান পদপ্রার্থীর লোকজনের তৎপরতা তেমন একটা চোখে পড়েনি।
খান্দারপাড়, ভাবড়াশুর ও জলিরপাড় ইউনিয়নের বিদ্রোহী ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা ভোট দিতে বাধা দেওয়ার অভিযোগ করেছেন। খান্দারপাড় ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী শাহিদুল ইসলাম মুন্সী নির্বাচন বয়কট করেছেন। এ ছাড়া জলিরপাড় ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মিহির কান্তি রায়ের ওপর হামলার ঘটনা ঘটেছে।
সকাল থেকে বিপুলসংখ্যক ভোটারের উপস্থিতি ছিল ভোটকেন্দ্রগুলোতে। পুরুষ ভোটারদের মতো নারীরাও দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ভোট দেন।
জলিরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মিহির কান্তি রায় একটি কেন্দ্রের ভেতরে যেতে চাইলে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর লোকজন তাঁর ওপর হামলা করেন বলে অভিযোগ পাওয়া গেছে।
গতকাল ভোট গ্রহণ শুরু হওয়ার পরপরই সকাল সোয়া আটটার দিকে কলিগ্রাম ব্যাপ্টিস্ট মিশনারি স্কুল কেন্দ্রে গিয়েছিলেন মিহির কান্তি রায়। কেন্দ্রটিতে ঢোকার সময়ই তাঁকে বাধা দেন প্রতিপক্ষ নৌকা প্রতীকের প্রার্থী অখিল চন্দ্র বৈরাগীর লোকজন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় হাতাহাতি ও মারামারি। এ সময় মিহির কান্তির ওপর হামলা চালানো হয়। এতে তাঁর ডান চোখের ওপরের অংশের কপাল ফেটে যায়। নাক-মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। হামলায় মিহিরের ভাই অনিল রায়েরও মাথা ফেটে যায়। এ অবস্থাতেই মিহির কান্তি ও তাঁর ভাইকে নিয়ে তাঁর কর্মী-সমর্থকেরা মিছিল করতে থাকেন।
জানতে চাইলে অখিল চন্দ্র বৈরাগী প্রথম আলোকে বলেন, ‘আমি ঘটনার সময় ওই এলাকায় ছিলাম না। অন্য কোনো মেম্বার প্রার্থীর সঙ্গে মিহির বাবুর বাগ্বিতণ্ডা হয়েছে। এতে এই পরিস্থিতি হয়েছে।’
খান্দারপাড় ইউপির স্বতন্ত্র প্রার্থী শাহিদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘এই ইউনিয়নে কেন্দ্রগুলোতে ভোটারদের হাতে চেয়ারম্যানের ব্যালট পেপার দেওয়া হয়নি। এসব ভোট জাল হয়েছে। তাই আমি নির্বাচন বয়কট করেছি।’
এদিকে ভাবড়াশুর ইউনিয়নের ভোট কারচুপির অভিযোগ করেন স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোর্ত্তজা মৃধা। তিনি বলেন, ‘সকালবেলা ভোট সুষ্ঠু হয়েছিল। কিন্তু দুপুরের সময় বৃষ্টি হয় এই এলাকায়। এ সুযোগে নৌকা প্রতীকের লোকজন জাল ভোট দিতে থাকেন। আমি প্রশাসনকে জানিয়েছি। কিন্তু কিছু হয়নি। তাই ঘরে ফিরে গেছি।’
ভাবড়াশুর ইউনিয়নের বালিয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বেলা দুইটার দিকে গিয়ে দেখা যায়, আওয়ামী লীগের প্রার্থী রিফাতুল আলম ও তাঁর বাবা মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আলম শিকদার প্রিসাইডিং কর্মকর্তা কবির উদ্দিন আহমেদের সঙ্গে তাঁর কক্ষে বসে গল্প করছেন। তবে তিনজনই ভোট গ্রহণ সুষ্ঠুভাবে হয়েছে বলে দাবি করেন।
উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাইজুর মোল্লা প্রথম আলোকে বলেন, ভাবড়াশুর ইউনিয়নের বোয়ালিয়া প্রাথমিক বিদ্যালয়ে জাল ভোট দেওয়ার চেষ্টার সময় ভ্রাম্যমাণ আদালত চারজনকে জরিমানা করেছেন। এ ছাড়া সব ইউনিয়নে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে হয়েছে।