পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর পদের জন্য বড় ভাই রফিকুল ইসলাম (৬০) লড়েছেন উটপাখি নিয়ে। একই পদে ছোট ভাই আবদুল জলিল লড়েছেন ঢ্যাঁড়স প্রতীক নিয়ে। কিন্তু দুই ভাইয়ের এই লড়াইয়ে কেউই জয়ী হতে পারেননি।
এ ঘটনা ঘটেছে রাজশাহীর চারঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছেন আবদুল ওহাব।
এই দুই ভাইয়ের সঙ্গে কথা বলে জানা যায়, রফিকুল ইসলাম এ নিয়ে পাঁচবার নির্বাচন করেছেন। প্রথমবার ইউনিয়ন পরিষদ (ইউপি) থেকে সদস্য নির্বাচিত হয়েছিলেন। এর পরেরবার কাউন্সিলরও নির্বাচিত হন। তবে তার পরেরবার নির্বাচনে হেরে যান। গতবারের পৌরসভা নির্বাচনে তাঁর বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আপন ছোট ভাই। সেবার দুজনই হেরে যান। এবারও দুজনই হেরেছেন। রফিকুল ইসলাম পেয়েছেন ১৮৪ ভোট এবং আবদুল জলিল পেয়েছেন ১৫০ ভোট।
রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘আমি এ নিয়ে পাঁচবার নির্বাচন করেছি। যে ভাইকে আমি ছোটবেলা থেকে কোলে-পিঠে করে মানুষ করলাম, সেই ছোট ভাই গত দুবার থেকে আমার বিরুদ্ধে নির্বাচন করছে।’
এর আগে গত বুধবার চারঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে ভিড়ের মধ্যে পাওয়া গেল ছোট ভাই আবদুল জলিলকে। ভোটে জিতবেন কি না—জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আশাবাদী; তবে একটু সমস্যা আছে।’ কী সমস্যা জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভাই আমার বিরুদ্ধে প্রার্থী হয়েছেন। তাঁকে কোনোভাবেই বোঝাতে পারিনি।’
এই ওয়ার্ডে এবার একটি কাউন্সিলর পদের জন্য আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।