ভোটের লড়াইয়ে লন্ডনিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় যেকোনো নির্বাচনে প্রবাসীরা প্রার্থী হবেন এমন রেওয়াজই চলে আসছে যুগ যুগ ধরে। এখানে প্রবাসীরা যেমন প্রার্থী হন, তেমনি ভোট দিতে দলে দলে আসেন। এবারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনেও এর ব্যত্যয় ঘটেনি। উপজেলার সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৩৭ জন প্রার্থীর মধ্যে ১৮ জনই প্রবাসী।

রাজনৈতিক দল ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সুনামগঞ্জের প্রবাসী-অধ্যুষিত জগন্নাথপুর উপজেলার আটটি ইউপির মধ্যে পঞ্চম ধাপে আগামী ২৮ মে সাতটিতে ভোট হবে। মামলাজনিত কারণে মিরপুর ইউনিয়নে ভোট হচ্ছে না। জেলার জগন্নাথপুর উপজেলায় যুক্তরাজ্যপ্রবাসী বেশি। স্থানীয়ভাবে যুক্তরাজ্যে বসবাসকারীদের বলা হয় ‘লন্ডনি’। এই ‘লন্ডনি’ প্রার্থীরাই নানাভাবে ভোটের মাঠ গরম করে রাখেন।
উপজেলার সাত ইউপিতে চেয়ারম্যান পদে ৩৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে ১৬ জন যুক্তরাজ্য ও দুজন যুক্তরাষ্ট্রপ্রবাসী। এঁদের মধ্যে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করছেন দলীয় প্রতীক নিয়ে। অন্যরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন।
উপজেলার কলকলি ইউপিতে চেয়ারম্যান পদে পাঁচজনের মধ্যে তিনজন আছেন যুক্তরাজ্যপ্রবাসী। এঁরা হলেন বিএনপির দলীয় প্রার্থী রফিক মিয়া, জাতীয় পার্টির প্রার্থী গয়াস মিয়া, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান আবদুল হাসিম। পাটলী ইউপিতে পাঁচজনের মধ্যে লন্ডনি দুই প্রার্থী হলেন বিএনপির দলীয় রফিকুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান সিরাজুল হক।
চিলাউড়া-হলদিপুর ইউপিতে চারজনের মধ্যে তিনজন হলেন যুক্তরাজ্যপ্রবাসী। এঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আরশ মিয়া, বিএনপির প্রার্থী আবদুর রব, স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান হারুনুর রশিদ। রানীগঞ্জ ইউপিতে পাঁচজনের মধ্যে প্রবাসী প্রার্থী হলেন তিনজন। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন যুক্তরাজ্যপ্রবাসী বর্তমান চেয়ারম্যান মজলুল হক ও সুজায়েল আহমদ, যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক চেয়ারম্যান আবদুল হাফিজ।
সৈয়দপুর-সাহারপাড়া ইউপিতে ছয়জনের মধ্যে একজন আছেন প্রবাসী। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন যুক্তরাজ্যপ্রবাসী তৈয়ব মিয়া কামালী।
আশারকান্দি ইউপিতে পাঁচজনের মধ্যে দুজন আছেন প্রবাসী। এখানে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী সাবেক চেয়ারম্যান শাহ আবু ঈমানী ও যুক্তরাজ্যপ্রবাসী সাবেক চেয়ারম্যান আবদুল আহাদ মদরিছ।
পাইলগাঁও ইউপিতে চেয়ারম্যান পদে সাতজনের মধ্যে চারজন যুক্তরাজ্যপ্রবাসী। এঁরা হলেন বিএনপির জালাল উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী মনজুর আলী আফজাল, শামীম আহমদ, মখলুছ আলী। জগন্নাথপুর সদরের বাসিন্দা অরূপ রায় বলেন, ‘জগন্নাথপুরে নির্বাচন জমে লন্ডনি প্রার্থীদের ঘিরে। ভোটে তাঁরা প্রচুর অর্থ ব্যয় করেন। এটা শুরু হয়ে গেছে।’
পাইলগাঁও ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান আপ্তাব উদ্দিন বলেন, আমার এলাকায় অনেক প্রবাসী আছেন। তাঁরা দেশে এসে পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করেন, ভোট দেন। তাই প্রবাসী প্রার্থী নিয়ে তেমন কোনো কিছু বলা য়ায় না, আবার সহ্যও করা যায় না। তিনি বলেন, এখানে প্রবাসী প্রার্থীদের কারণে ভোটে টাকার ছড়াছড়ি হয়। তাঁদের অনেকেই অল্প সময়ের জন্য দেশে আসেন। কেউ কেউ আবার জয়ী হলেও প্রবাসে চলে যান। এতে এলাকাবাসী নানাভাবে উন্নয়নবঞ্চিত ও ভোগান্তির শিকার হন।