ভোটের হিসাব আদালতে দাখিলের নির্দেশ
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটের হিসাব ও এ-সংক্রান্ত প্রয়োজনীয় সব নথিপত্র সাত দিনের মধ্যে উচ্চ আদালতে দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে। গত সোমবার উচ্চ আদালতের একটি ডিভিশনাল বেঞ্চ রিট শুনানি শেষে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে এ আদেশ দেন।
শায়েস্তাগঞ্জ পৌরসভায় বিএনপির মেয়র প্রার্থী ফরিদ আহমেদ অলি নির্বাচনে ভোট গণনায় গরমিলের অভিযোগ এনে উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। নির্বাচন কমিশন, সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা ও প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থীসহ ১৫ জনকে এ রিটে বিবাদী করা হয়।
আবেদনে ফরিদ আহমেদ অলি বলেন, পৌরসভা নির্বাচনের বেসরকারি ফলাফলে ষড়যন্ত্র করে তাঁর অন্যতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের প্রার্থী ছালেক মিয়াকে ৮৩ ভোটের ব্যবধানে জয়ী দেখানো হয়। রিটার্নিং কর্মকর্তা একটি ভোটকেন্দ্রের ১০১টি ব্যালট পেপার হারানো দেখিয়ে তাঁর ১০১টি ভোট কারচুপি করেছেন। পাশাপাশি ভোটের ফলাফল শিটে বিএনপি প্রার্থীর এজেন্টদের সই জাল করা হয়েছে। এ জন্য ওই নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ স্থগিত রাখার আহ্বান জানান। উচ্চ আদালতের ডিভিশনাল বেঞ্চের বিচারক সৈয়দ মোহাম্মদ দস্তগির হোসেন ও এ কে এম সাইদুল হকের সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে সাত দিনের মধ্যে শায়েস্তাগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোটের হিসাব ও প্রয়োজনীয় সব নথিপত্র আদালতে দাখিলের নির্দেশ দেন।